রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া বাজারে গতকাল মঙ্গলবার এক ভুয়া চিকিৎসককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ড পাওয়া টিপু সুলতান (৩০) বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের চষাবিলা গ্রামের বাসিন্দা। তাঁরা বাবার নাম হাফিজুর রহমান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গতকাল বিকেলে উপজেলার নারুয়া বাজারের সরদার মার্কেটে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। সেখানকার একটি দোকানে টিপু সুলতান রোগীদের চিকিৎসা করতেন এবং ব্যবস্থাপত্র দিতেন। অভিযানের সময় তিনি চিকিৎসা-সংক্রান্ত ডিগ্রিসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি। সন্ধ্যায় তাঁকে চিকিৎসা ও দন্ত কাউন্সিল আইন (২০১০) লঙ্ঘনের দায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, টিপু সুলতানকে থানায় রাখা হয়েছে। আগামীকাল (আজ বুধবার) তাঁকে কারাগারে পাঠানো হবে।