ভুয়া ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা দেওয়ায় দণ্ড
ভুয়া ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা দেওয়ার অপরাধে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় এক ভারতীয় নাগরিককে দেড় বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার উপজেলার কার্পাসডাঙ্গা বাজারের ‘মা ল্যাব অ্যান্ড মেডিকেয়ার সেন্টার’ নামে একটি ক্লিনিকে অভিযান চালিয়ে আদালত তাঁকে এ দণ্ড দেন।এ ছাড়া তাঁকে আশ্রয় দেওয়ার অপরাধে ওই ক্লিনিকের মালিককে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভুয়া ওই চিকিৎসকের নাম নরোত্তম কুমার শর্মা (৪৫)। তিনি ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগরের বাসিন্দা। তিনি পরিবারের সদস্যদের নিয়ে কুষ্টিয়ার কুমারখালীতে বাস করেন।আদালত সূত্রে জানা গেছে, এক মাস ধরে নরোত্তম এমবিবিএস চিকিৎসক পরিচয়ে ওই ক্লিনিকে রোগী দেখছেন। তাঁর প্যাডে লেখা আছে এমবিবিএস (এএমসিসি), এমডি ভারত, জটিল ও কঠিন রোগের পরামর্শক এবং মা ও শিশু, নাক-কান-গলা ও মেডিসিন বিশেষজ্ঞ। জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদ উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত গতকাল দুপুরে ওই ক্লিনিকে অভিযান চালান। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফয়সাল বিন সেলিম খান যাচাই করে দেখতে পান, নরোত্তম কুমারের সব ডিগ্রি ভুয়া। নরোত্তমকে চুয়াডাঙ্গা কারাগারে পাঠানো হয়েছে।ক্লিনিকের মালিক মিজানুর রহমান দাবি করেন, নরোত্তম কুমারের ডিগ্রিগুলো ভুয়া নয়। নরোত্তম তাঁকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিয়েছেন। সেখানে তিনি কুষ্টিয়ার কুমারখালীর বাসিন্দা বলে উল্লেখ করা হয়েছে।