ভুয়া তালাকনামা দেখানোয় চট্টগ্রামে দুজন কারাগারে
যৌতুকের মামলা থেকে রক্ষা পেতে বাতিল হয়ে যাওয়া আইনে স্ত্রীকে তালাক দেখিয়েছিলেন কক্সবাজারের উখিয়া উপজেলার খায়াংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নজরুল ইসলাম। পরে ওই তালাকনামা ভুয়া প্রমাণিত হলে নজরুল এবং কক্সবাজারের রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নের কাজি মুহাম্মদ তৌহিদুলকে গতকাল রোববার কারাগারে পাঠানো হয়। নজরুলের স্ত্রী নাহিদা নাসরিনের আনা অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম মহানগর হাকিম নূরে আলম ভূঁইয়া গতকাল শুনানির পর তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আরজিতে নাহিদা নাসরিন অভিযোগ করেন, নজরুল আদালতে যে তালাকনামা দাখিল করেছেন তাতে বেঙ্গল মুসলিম ফ্যামিলি ল-এর কথা বলা আছে, যা ১৯৬১ সালে বাতিল হয়ে যায়। ৫২ বছর আগে বাতিল হয়ে যাওয়া আইনে রশিদ নগর ইউনিয়নের কাজি মুহাম্মদ তৌহিদুল ভুয়া তালাকনামাটি তৈরি করে দেন। এরপর তা তাঁর কাছে পাঠান নজরুল ইসলাম। এতে তাঁর সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে আরজিতে উল্লেখ করা হয়।