ভুয়া তালিকা দিয়ে টাকা তোলার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধা সংসদ জয়পুরহাট সদর উপজেলা কমান্ডের কমান্ডার আফছার আলীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার জন্য ‘ভুয়া’ তালিকা তৈরি করে টাকা তোলার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার দেলোয়ার হোসেনসহ ১১ জন মুক্তিযোদ্ধা জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেছেন৷ অভিযোগে উল্লেখ করা হয়, সম্মানী ভাতার জন্য জমা দেওয়া সদর উপজেলার নতুন ৩৩ জন মুক্তিযোদ্ধার যে তালিকা দেওয়া হয়েছে, এর মধ্যে ২৫ জনই ভুয়া৷ তাঁদের সম্মানী ভাতা বন্ধ রাখা হোক৷ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদ্যবিদায়ী কমান্ডার আবুল হোসেন পৃথকভাবে লিখিত অভিযোগ করেছেন৷ তিনি অভিযোগপত্রে উল্লেখ করেন, সদর উপজেলায় আগে থেকে ১৫০ জন মুক্তিযোদ্ধা তিন হাজার টাকা করে সম্মানী ভাতা পেতেন৷ কিন্তু নতুন করে বর্ধিত ৩৩ জনের যে তালিকা দেওয়া হয়েছে এর মধ্যে ১৯ জনই ভুয়া৷
তবে সদর উপজেলা কমান্ডার আফছার আলী বলেন, ‘মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে প্রতিপক্ষ পরাজিত হওয়ায় এখন তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমি কোনো তালিকা তৈরি করিনি৷ ৩৩ জনের যে তালিকার কথা বলা হচ্ছে তা তারা নিজেরাই তৈরি করে উপজেলা সমাজসেবা কার্যালয়ে জমা দিয়েছে। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সত্য নয়।’
এ ব্যাপারে জয়পুরহাট জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াছিন বলেন, ভুয়া তালিকা সম্পর্কে দুটি অভিযোগ পাওয়া গেছে৷ এ কারণে নতুন তালিকার ৩৩ জন মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা স্থগিত রাখা হয়েছে৷ এ ছাড়া অভিযোগ তদন্তের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকির হোসেনকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে৷ কমিটির অন্য দুই সদস্য হলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নূর মোহাম্মদ। ইতিমধ্যে কমিটি তদন্ত শুরু করেছে৷
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নূর মোহাম্মদ বলেন, ‘যে তালিকা নিয়ে অভিযোগ উঠেছে, সেই তালিকার ৩৩ জনের সম্মানী ভাতা বন্ধ রাখা হয়েছে। বিষয়টির তদন্ত চলছে।’
জানতে চাইলে জাকির হোসেন গতকাল শনিবার বলেন, কমিটি গত বৃহস্পতিবার ১৭ জনের সাক্ষ্য নিয়েছে ও কাগজপত্র পর্যালোচনা করে দেখেছে। বাকিদের সাক্ষ্য গ্রহণ করার পর কে ভুয়া, আর কে প্রকৃত তা জানা যাবে।
জেলা কমান্ড ইউনিটের নবনির্বাচিত কমান্ডার আমজাদ হোসেন বলেন, ‘তদন্ত কমিটির কাছে বলা হয়েছে ৩৩ জনের মধ্যে ২৫ জনই ভুয়া মুক্তিযোদ্ধা। টাকার বিনিময়ে তাঁদের মুক্তিযোদ্ধা বানানো হচ্ছে৷’