ভুয়া দরপত্রের কথা বলে ৬০টি গাছ কর্তন
গাজীপুরের সদর উপজেলার পুবাইল কলেজগেট এলাকায় ভুয়া দরপত্রের কথা প্রচার করে প্রায় ৬০টি গাছ কেটে ফেলা হয়েছে। স্থানীয় আওয়ামী লীগের এক কর্মীর নির্দেশে এক সপ্তাহ ধরে ওই গাছ কাটা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।সরেজমিনে গিয়ে দেখা গেছে, টঙ্গী-কালীগঞ্জ সড়কের আমতলী থেকে কালীগঞ্জ উপজেলার বাইপাস পর্যন্ত প্রায় ৬০টি কাটা গাছের গুঁড়ি পড়ে আছে। এগুলোর মধ্যে রেইনট্রি, কড়ই, ইউক্যালিপটাস, মেহগনি ও আকাশমণি রয়েছে। এ ছাড়া, সেখানে আরও ২০-২৫টি গাছের গোড়ার অর্ধেক কাটা হয়েছে।পুবাইল এলাকার বাসিন্দা মো. আরিফ হোসেন বলেন, ‘শুনেছি, সড়ক ও জনপথ (সওজ) বিভাগ নাকি রাস্তাটি চওড়া করবে। তাই রাস্তার দুই পাশের গাছগুলো কাটতে দরপত্র দিয়েছে। জয়দেবপুর চৌরাস্তার আওয়ামী লীগের কর্মী মো. শওকত আকবর নাকি ওই গাছ কাটার নিলাম পেয়েছেন। পরে তিনি গাছগুলো স্থানীয় ওমর আলীসহ কয়েকজনের কাছে বিক্রি করে দেন। ইতিমধ্যে তাঁরা অনেক গাছ কেটে নিয়ে গেছেন।’সূত্র জানায়, সওজ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিআরডি) সঙ্গে বন বিভাগের একটি চুক্তি অনুযায়ী ওই এলাকায় গাছ লাগানো হয়। ভুয়া একটি দরপত্র বানিয়ে কোটি টাকা মূল্যের ২৬৫টি গাছ মাত্র তিন লাখ ৮৫ হাজার টাকায় বিক্রির চেষ্টা করে স্থানীয় একটি চক্র।সওজের টঙ্গী উপবিভাগীয় উপসহকারী প্রকৌশলী সৈয়দ ফিরোজ আলম প্রথম আলোকে বলেন, ‘টঙ্গী-কালীগঞ্জ সড়ক চওড়াকরণ ও গাছ কাটার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। জনৈক কর্মকর্তা ডা. মনোয়ারা বেগমের অনুমতি সাপেক্ষে স্থানীয় শওকত আকবরের কাছে ওই সড়কের ২৬৫টি গাছ বিক্রির যে কাগজ তৈরি করা হয়েছে, তা সম্পূর্ণ ভুয়া। ওই নামে আমাদের অফিসে কোনো কর্মকর্তা নেই।’যোগাযোগের চেষ্টা করে আওয়ামী লীগের কর্মী শওকত আকবরের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। ওমর আলী বলেন, ‘গাছগুলো শওকত আকবর কাটতে বলেছেন। ওনার কাছ থেকে আমরা গাছগুলো কিনে নিয়েছি।’টঙ্গীতে শতাধিক গাছ কর্তন: টঙ্গী প্রতিনিধি জানান, টঙ্গী শিল্পাঞ্চল এলাকার মেঘনা রোডের কোহিনূর কারখানার দেয়াল ঘেঁষে বেড়ে ওঠা শতাধিক গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাতে গাছগুলো কাটা হয় বলে ধারণা স্থানীয় লোকজনের। এ ব্যাপারে গাছগুলো দেখভালের দায়িত্বে থাকা টঙ্গী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মুজাইদুল ইসলাম বলেন, গাছ কাটার বিষয়ে তিনি কিছুই জানেন না।