ভুয়া দুদক কর্মকর্তা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে রফিক আহমেদ (৫৩) নামের এক ভুয়া দুদক কর্মকর্তাকে গতকাল মঙ্গলবার বিকেলে গ্রেপ্তার করেছে ডবলমুরিং থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে। ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) শাহনূর বলেন, বাঁশখালীর বাসিন্দা রফিক নিজেকে মোশাররফ হোসেন ও দুদকের কর্মকর্তা পরিচয় দিয়ে গত সোমবার কর-পরিদর্শক ইশতিয়াকুল হককে ফোন করেন। তিনি ইশতিয়াকুলকে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে জানিয়ে তাঁকে দুদক কার্যালয়ে যোগাযোগ করতে বলেন। ইশতিয়াকুল খোঁজ নিয়ে জানতে পারেন, পুরো বিষয়টি বানোয়াট। গতকাল রফিক আবার ফোন করলে তিনি পুলিশকে তা জানান। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এসআই শাহনূর বলেন, রফিক এর আগেও নিজেকে গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সুবিধা আদায় করেছেন। তাঁকে আজ বুধবার আদালতে হাজির করা হতে পারে বলে তিনি জানান।