ভুয়া নম্বরে চলছে যান
ঠাকুরগাঁওয়ে শ্যালো ইঞ্জিনচালিত যানবাহনে ভুয়া নিবন্ধন নম্বর লাগিয়ে যাত্রী ও মালামাল পরিবহন করা হচ্ছে। বাংলাদেশ সড়ক ও পরিবহন অথরিটির ভাষ্যমতে, শ্যালো ইঞ্জিনচালিত যানবাহনের নিবন্ধন দেওয়ার কোনো বিধান নেই। স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে এসব যানবাহন-মালিকের অলিখিত চুক্তি থাকায় এই অবৈধ যানবাহনগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।জেলা মোটর মালিক সমিতির সূত্রমতে, ঠাকুরগাঁও জেলায় মোট দেড় হাজারের বেশি শ্যালো ইঞ্জিনচালিত যানবাহন চলাচল করছে। সেগুলোর মধ্যে দুই শতাধিক যানবাহন নিবন্ধন নম্বর লাগিয়ে যাত্রী ও মালামাল পরিবহন করছে। এসব যানবাহনের সব নিবন্ধন নম্বরই ভুয়া। গত বৃহস্পতিবার ঠাকুরগাঁও শহরের সত্যপীর সেতুর কাছে দেখা গেছে, বক্ষব্যাধি হাসপাতালের সামনে যাত্রী পরিবহনের জন্য সারি করে রাখা হয়েছে আটটি শ্যালো ইঞ্জিনচালিত যানবাহন। গাড়িগুলোর সামনে ও পেছনে সাদা রঙের ওপরে কালো রঙে লেখা হয়েছে নিবন্ধন নম্বর। নিবন্ধন করা শ্যালো ইঞ্জিনচালিত এসব পরিবহনের প্রকৃত কাগজ আছে কি না, সে সম্পর্কে চালক রফিকুল ইসলাম (২৭) বলেন, ‘ওয়ার্কশপ থেকে এভাবেই গাড়ি ডেলিভারি পেয়ে চালিয়ে যাচ্ছি। কখনো প্রকৃত কাগজপত্রের প্রয়োজন হয়নি। ড্রাইভারি করে সংসার চালাতে হিমশিম খাচ্ছি, প্লেটে লেখা নম্বরটি আসল না ভুয়া, তা নিয়ে ভাবার সময় কোথায়?’ এ বিষয়ে শ্যালো ইঞ্জিনচালিত একটি পরিবহনের মালিক বাদশা মিয়া জানান, কারখানা থেকে রংশিল্পীরা ওই নিবন্ধন নম্বরগুলো লিখে দিয়েছেন। তিনি স্বীকার করেন, এসব শ্যালো ইঞ্জিনচালিত পরিবহনের কোনো নিবন্ধন নেই এবং নিবন্ধনের পক্ষে কোনো কাগজপত্র নেই। নিবন্ধন ও প্রকৃত কাগজপত্র ছাড়া কীভাবে এসব যানবাহন রাস্তায় চলছে? ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ জাবরহাটের এক শ্যালো ইঞ্জিনচালিত পরিবহনের চালক আবদুল রহিমের কাছে জানতে চাইলে তিনি এ প্রশ্ন এড়িয়ে গিয়ে বলেন, ‘চলছে এক রকম ম্যানেজ করেই।’ নাম প্রকাশ না করার শর্তে শ্যালো ইঞ্জিনচালিত পরিবহনের এক চালক জানান, পুলিশের ঝামেলা এড়াতে প্রতি মাসে তাদের শ্যালো ইঞ্জিনচালিত যানবাহনের বিপরীতে নির্দিষ্ট হারে মাসোহারা দিতে হয়। আর এই মাসোহারা আদায় করে থাকেন সংশ্লিষ্ট থানার লাইনম্যানরা। ঠাকুরগাঁও বিআরটিএর মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট রামকৃষ্ণ পোদ্দার জানান, পরিবহনে ভুয়া নিবন্ধন নম্বর ব্যবহার করার অপরাধে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানা করার বিধান আছে। পুলিশ প্রশাসন আইনি ব্যবস্থা নিলে এসব অবৈধ পরিবহনের সংখ্যা কমে আসবে। পুলিশের ট্রাফিক সার্জন মমতাজুল রহমান জানান, শ্যালো ইঞ্জিনচালিত পরিবহনের মালিকের সঙ্গে পুলিশের চুক্তি রয়েছে, এ কথা ঠিক নয়। তবে যেসব শ্যালো ইঞ্জিনচালিত পরিবহনে নিবন্ধন নম্বর ব্যবহার করা হচ্ছে, সেগুলো ভুয়া বলে তিনি স্বীকার করেন। পুলিশ সুপার শাহ আলম জানান, তিনি জেলায় নতুন এসেছেন। জেলার সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেবেন।