ভুয়া নারী ক্যাপ্টেন রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সেনানিবাস এলাকা থেকে গ্রেপ্তার ভুয়া এক নারী ক্যাপ্টেনকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। আজ শুক্রবার ঢাকার মহানগর হাকিম আসাদুজ্জামান নূর এ আদেশ দেন। 

ওই ভুয়া ক্যাপ্টেনের নাম ফারিয়া জাহান। তাঁর বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় করা মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) গোবিন্দ্র চন্দ্র দে আজ আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে ক্যান্টনমেন্ট থানার স্টাফ রোড এমপি চেকপোস্ট বহির্গমন রাস্তার ওপর থেকে ফারিয়া জাহানকে আটক করে মিলিটারি পুলিশ। এ সময় ফারিয়া নিজেকে মহিলা ক্যাপ্টেন বলে পরিচয় দেন। তিনি ঢাকা সেনানিবাসের সিগন্যাল কোরে কর্মরত আছেন বলেও দাবি করেন। তবে তাঁর দেওয়া তথ্য যে মিথ্যা, সেটা নিশ্চিত হওয়ার পর তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর একটি সাদা রঙের প্রাইভেট কার, একটি খেলনা পিস্তল, চেক বই এবং এক লাখ ২৮ হাজার ৮৮৭ টাকা জব্দ করা হয়।
রিমান্ড আবেদনে আরও উল্লেখ করা হয়েছে, আসামি সিগন্যাল কোরের ক্যাপ্টেনের মিথ্যা পরিচয় দিয়ে সরকারি কর্মচারীর ব্যবহৃত পিস্তল সদৃশ বস্তু প্রদর্শন করেছেন। আসামি একজন পেশাদার অপরাধী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয়ে বিভিন্ন লোককে চাকরি দেওয়ার কথা বলে টাকা নেন তিনি। আসামির মূল উদ্দেশ্য ও তাঁর প্রকৃত পরিচয় জানার জন্য তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। শুনানি শেষে আদালত আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এই নারী আটকের ঘটনায় ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন।