ভুয়া নারী ক্যাপ্টেন রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সেনানিবাস এলাকা থেকে গ্রেপ্তার ১৮ বছরের ভুয়া এক নারী ক্যাপ্টেনকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। গতকাল শুক্রবার ঢাকার মহানগর হাকিম আসাদুজ্জামান নূর এ আদেশ দেন। গ্রেপ্তার নারীর নাম ফারিয়া জাহান। ক্যান্টনমেন্ট থানায় করা এ মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক গোবিন্দ চন্দ্র এই নারীকে আদালতে হাজির করে গতকাল পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটের দিকে ক্যান্টনমেন্ট থানার স্টাফ রোড এমপি চেকপোস্ট বহির্গমন রাস্তার ওপর থেকে ফারিয়া জাহানকে আটক করে মিলিটারি পুলিশ। আটক ওই নারী নিজেকে মহিলা ক্যাপ্টেন বলে পরিচয় দেন। তিনি ঢাকা সেনানিবাসে সিগন্যাল কোরে কর্মরত আছেন বলে নিজেকে পরিচয় দেন। তাঁর কাছ থেকে একটি সাদা রঙের প্রাইভেট কার, একটি খেলনা পিস্তল, চেক বই এবং ১ লাখ ২৮ হাজার ৮৮৭ টাকা জব্দ করা হয়।
রিমান্ড আবেদনে আরও উল্লেখ করা হয়, গ্রেপ্তার হওয়া নারী সিগন্যাল কোরের ক্যাপ্টেনের মিথ্যা পরিচয় দিয়ে সরকারি কর্মচারীর ব্যবহৃত পিস্তলসদৃশ বস্তু প্রদর্শন করেন। সরকারি কর্মচারীর বিশ্বাস সৃষ্টি করে সেনানিবাসে অবৈধভাবে প্রবেশ করেছেন। তিনি একজন পেশাদার অপরাধী। তিনি নিজেকে বিভিন্ন সময় বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অপরাধ করে থাকেন।
এতে আরও বলা হয়, ওই নারী সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয় দিলেও তিনি কোনো বাহিনীর ‘আর্মি নম্বর’ দিতে পারেননি। তাঁর মূল উদ্দেশ্য ও তাঁর প্রকৃত গডফাদারদের পরিচয় জানার জন্য তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। শুনানি শেষে আদালত আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এই নারী আটকের ঘটনায় ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক মনিরুজ্জামান বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। থানা-পুলিশের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, কিছুদিন আগে এই নারী বনানী থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন। সেখানে তিনি নিজকে সেনা কর্মকর্তা পরিচয় দেন। গ্রেপ্তারের সময় তাঁর গাড়ি তল্লাশি করে সেই ডায়েরির কপি পুলিশ জব্দ করে। এই নারীর বাবা প্রবাসী। তাঁরা দক্ষিণখান এলাকায় থাকেন, আদিবাস গোপালগঞ্জ জেলায়।