ভুয়া নিয়োগপত্রে প্রতারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ফায়ার সার্ভিস এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকরির ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রতারণা করা চক্রের সঙ্গে পুলিশের এক সদস্যও জড়িত। তিনি খুলনা মহানগর পুলিশের (কেএমপি) সুবেদার মো. হামিদ।গ্রেপ্তার হওয়া এই চক্রের সাত সদস্য জিজ্ঞাসাবাদে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কর্মকর্তাদের কাছে এ তথ্য দিয়েছেন। ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার মশিউর রহমান প্রথম আলোকে বলেন, ভুয়া নিয়োগপত্র চক্রের প্রধান রফিকুল ইসলাম। তাঁর সহযোগী হলেন মধুসূদন ঘোষ, এনামুল হক, মিঠুন ঘোষ, মো. শামীম ও মো. হামিদ। রফিকুল ও এনামুল সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট। মধুসূদন, মিঠুন ও হামিদ যশোর, নড়াইল, খুলনা ও সাতক্ষীরার ২৫০ জনকে সেনাবাহিনীর ভুয়া নিয়োগপত্র দিয়ে জনপ্রতি এক লাখ ৬০ হাজার থেকে তিন লাখ ২০ হাজার টাকা নিয়েছেন।ডিবি পুলিশ গত ১০ ও ১১ ফেব্রুয়ারি রাজধানীর খিলগাঁও থেকে এই চক্রের সাতজনকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন: মিঠুন কুমার ঘোষ (৩৩), রাজু (২১), সুমন (১৮), মো. হাসান (২২), জালাল উদ্দিন (২২), বিউটি (২৫) ও রানু মণ্ডল (৩০)। তাঁদের কাছ থেকে সেনাবাহিনীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের জাল স্ট্যাম্প, সিল, পরীক্ষার প্রশ্ন, উত্তরপত্র, স্বাস্থ্যগত পরীক্ষার সনদ, পুলিশের যাচাইপত্র (ভেরিফিকেশন), ২৫০ জন চাকরিপ্রার্থীর জীবনবৃত্তান্ত, চারটি কম্পিউটার, স্বর্ণালংকার ও নগদ ছয় লাখ টাকা উদ্ধার করা হয়। হাসান ও জালাল ছাড়া বাকি পাঁচজনের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলায়।অভিযান পরিচালনাকারী মশিউর রহমান বলেন, প্রতারণার শিকার চাকরিপ্রত্যাশীদের অভিযোগের ভিত্তিতে ডিবি বিষয়টি তদন্ত করে।ডিবির কার্যালয়ে প্রতারক চক্রের সদস্য মিঠুন ঘোষ প্রথম আলোকে বলেন, তাঁদের দলে ১৫-২০ জন সদস্য আছেন। তাঁরা সেনাবাহিনী, বিজিবি, ফায়ার সার্ভিস, রেলওয়ে ও খাদ্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি সংগ্রহ করে পরে এগুলো বিলি করতে বিভিন্ন জেলায় যান। লক্ষ্য থাকে চায়ের দোকান। সেখানে চা পানের ফাঁকে উপস্থিত লোকজনকে জানান, সেনাবাহিনী ও বিজিবিতে ঘুষের মাধ্যমে আত্মীয় কোটায় নিয়োগের ব্যবস্থা রয়েছে। কথাটি এলাকায় ছড়িয়ে পড়লে চাকরিপ্রত্যাশীরা তাঁদের সঙ্গে যোগাযোগ করেন।মিঠুন বলেন, তাঁরা একপর্যায়ে চাকরিপ্রত্যাশীদের ঢাকায় এনে হোটেলে রেখে লিখিত ও স্বাস্থ্যগত পরীক্ষা নেন। পরে তাঁদের ছবি ও জীবনবৃত্তান্ত সংযুক্ত করে গোপনীয় প্রতিবেদন চেয়ে ডাকযোগে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের কাছে পাঠানো হয়। পুলিশ তথ্য যাচাইয়ের জন্য ওই প্রার্থীর বাড়িতেও যায়। প্রার্থীর বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য এটি করা হয়। এরপর প্রার্থীকে জাল লোগো ও সিল ব্যবহার করা ভুয়া নিয়োগপত্র দিয়ে টাকা নেওয়া হয়। সেনাবাহিনীর ভুয়া নিয়োগপত্রে নিয়োগকারী কর্মকর্তা সেজে সই করেন ভুয়া মেজর রফিকুল।স্বীকারোক্তিমূলক জবানবন্দি: মিঠুন ঘোষ ১৬ ফেব্রুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম মুহাম্মদ সামছুল ইসলামের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি বলেন, চক্রের প্রধান রফিকুল ও কেএমপিতে কর্মরত হামিদ চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে টাকা নেন। সেনাবাহিনীর মেজর সেজে তিনি চাকরিপ্রত্যাশীদের কথিত স্বাস্থ্যগত পরীক্ষা করেন। গত দুই মাসে তিনি ১০ জনের এবং এ পর্যন্ত ৪০০ জনের স্বাস্থ্যগত পরীক্ষা করেছেন। প্রতি জনের জন্য তাঁকে ২০ হাজার করে টাকা দেওয়া হয়েছে।মিঠুন আরও বলেন, রফিকুল চাকরিপ্রত্যাশীদের যে ভুয়া নিয়োগপত্র দেন, তাতে নিয়োগের জন্য সেনাবাহিনীর সদর দপ্তরে যাওয়ার তারিখ উল্লেখ থাকে। প্রার্থীরা ওই তারিখে সেনা সদর দপ্তরে গেলে তাঁরা মুঠোফোন বন্ধ করে দেন। ভুয়া নিয়োগ-প্রক্রিয়ায় হাসান, শামীম ও জামালও জড়িত।প্রতারিত কয়েকজন: এই চক্রের প্রতারণার শিকার হয়েছেন যশোরের জুয়েল রানা, ফারুক হোসেন ও মাসুদ রানা। তাঁরা প্রথম আলোকে বলেন, সেনাবাহিনীতে চাকরির আশ্বাসে তাঁরা ঢাকার দুটি হোটেলে স্বাস্থ্যগত ও লিখিত পরীক্ষা দেন। তথ্য যাচাইয়ে বাড়িতে যাওয়া পুলিশ কর্মকর্তাকে তিন হাজার টাকা দেন। নিয়োগপত্র নেওয়ার দিন তাঁরা যথাক্রমে দুই লাখ ২০ হাজার, দুই লাখ ৯০ হাজার ও তিন লাখ ৯০ হাজার টাকা দেন। নিয়োগপত্রে উল্লিখিত তারিখে সেনা সদর দপ্তরে গিয়ে বুঝতে পারেন, তাঁরা প্রতারিত হয়েছেন। এমন আরও ২৫ জন একই রকম অভিযোগ করেন।