ঝালকাঠি জেলা শিক্ষা কর্মকর্তা, কুলকাঠি শহীদিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার ও মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতির বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মামলা করে বিপাকে পড়েছেন মাদ্রাসার সহকারী মৌলভি কাজী মো. জামাল উদ্দিন। মামলার এক আসামির হুমকিতে এখন তিনি কর্মস্থলে যেতে পারছেন না। মামলার বিবরণে জানা গেছে, জামাল উদ্দিন ১৯৯৭ সালে কুলকাঠি শহীদিয়া দাখিল মাদ্রাসায় সহকারী মৌলভি পদে চাকরিতে যোগ দেন। চাকরি করার সময় বিভিন্ন কারণে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাসুদুর রহমান ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি সামসুল আলম মল্লিকের সঙ্গে তাঁর মনোমালিন্য হয়। এ কারণে এ দুজন ও ঝালকাঠি জেলা শিক্ষা কর্মকর্তা মাহাবুবা হোসেন পরস্পর যোগসাজশে জামাল উদ্দিন চলতি বছর ১ মার্চ পদত্যাগ করেছেন—এমন কাগজপত্র তৈরি করে মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ঢাকায় পাঠান। জেলা শিক্ষা কর্মকর্তা তাঁর কার্যালয়ের রেজিস্টার জালিয়াতি করে চলতি বছরের মে মাস থেকে কাজী জামাল উদ্দিনের এমপিও বাতিলের সুপারিশ করেন। জামাল উদ্দিন এ ঘটনায় গত ২৫ আগস্ট ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে নালিশি মামলা করেন। আদালত ঝালকাঠি থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। গত ১৭ সেপ্টেম্বর ভারপ্রাপ্ত সুপার মাসুদুর রহমান মাদ্রাসায় কাজী জামাল উদ্দিনকে হুমকি দিলে ১৯ সেপ্টেম্বর নলছিটি থানায় তিনি একটি সাধারণ ডায়েরি করেন। জামাল উদ্দিন অভিযোগ করেন, ‘ভারপ্রাপ্ত সুপার এবং ব্যবস্থাপনা কমিটির সভাপতির অনিয়মের প্রতিবাদ করায় তাঁরা আমার ভুয়া পদত্যাগপত্র তৈরি করে গোপনে এমপিও থেকে নাম বাদ দিয়েছেন। গত তিন মাস বেতন না পেয়ে আমি পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছি। তিনি আরও বলেন, ১৭ সেপ্টেম্বর ভারপ্রাপ্ত সুপার মামলা তুলে নেওয়ার হুমকি দেওয়ার পর থেকে আমি ভয়ে মাদ্রাসায় যেতে পারছি না।’ জেলা শিক্ষা কর্মকর্তা মাহাবুবা হোসেন বলেন, ‘জালিয়াতির মাধ্যমে কে বা কারা আমার কার্যালয়ের কাগজপত্র তৈরি করে জামাল উদ্দিনের এমপিও বাতিল করেছে তা আমি জানি না। তবে জামাল উদ্দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁর নাম পুনরায় এমপিওভুক্ত করার জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষের মধ্যে দলাদলির কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে।’ কুলকাঠি শহীদিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাসুদুর রহমান হুমকির কথা অস্বীকার করে বলেন, ‘মামলার অভিযোগ সত্য নয়। ভুলবশত জামাল উদ্দিনের নাম এমপিও থেকে বাদ পড়েছে। পুনরায় অন্তর্ভুক্তির জন্য আমি সুপারিশ করেছি।’ মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি সামসুল আলম মল্লিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।