ভুয়া পরিচয় দেওয়ায় দুজনের জেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনায় র্যাবের ক্যাম্পে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপারের (এএসপি) ভুয়া পরিচয়ে সুবিধা নিতে গেলে গত সোমবার দুপুরে র্যাব দুই ব্যক্তিকে আটক করে। পরে সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতে তাঁদের হাজির করা হলে আদালত একজনকে দুই মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড এবং অন্যজনকে ৫০০ টাকা জরিমানা করেন।দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন পাবনা সদর উপজেলার সিঙ্গা মহল্লার ইশতিয়াক আহম্মেদ (৩৫) ও একই মহল্লার আহম্মদ আলী (৩০)।র্যাব-১২ পাবনা ক্যাম্প সূত্র জানায়, সোমবার বেলা ১১টার দিকে দুই ব্যক্তি ওই ক্যাম্পে যান। তাঁদের মধ্যে ইশতিয়াক আহম্মেদ নিজেকে অতিরিক্ত পুলিশ সুপার পরিচয় দিয়ে একটি অভিযোগের বিষয়ে র্যাবের কাছে সুবিধা চান। এ সময় দায়িত্বরত র্যাব কর্মকর্তাদের সন্দেহ হলে র্যাব তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদে তাঁরা দোষ স্বীকার করেন। সন্ধ্যায় তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। সাজার পর আহম্মদ আলী জরিমানার টাকা পরিশোধ করায় তাঁকে ছেড়ে দেওয়া হয়।