ভুয়া পরিচয়পত্রে সিম কার্ড বিক্রি, আটক ৬১
ভুয়া জাতীয় পরিচয়পত্র দিয়ে মোবাইল সিম বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে পল্লবীতে অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার ৬১ জনকে আটক করেছে র্যা ব। গ্রেপ্তারকৃতরা ভুয়া জাতীয় পরিচয়পত্র ও অজ্ঞাত ব্যক্তিদের ছবি দিয়ে বাংলালিংকের সিম বিক্রি করছিল। এদের কাছ থেকে ভুয়া তথ্য ও ছবিসংবলিত ৬৩০টি গ্রাহক নিবন্ধন ফরম, ১৮৬টি ভুয়া এনআইডির প্রিন্ট কপি, ১৩৬টি মোবাইল ফোন, ৬টি ল্যাপটপ ও প্রিন্ট করা অসংখ্য অজ্ঞাত ব্যক্তির ছবি উদ্ধার করা হয়েছে।
র্যা ব-৪–এর পরিচালক খন্দকার লুৎফুল কবির বলেন, গতকাল দুপুরে র্যা ব-৪–এর একটি দল পল্লবীর একটি চায়নিজ রেস্তোরাঁ ভবনের সপ্তম তলায় এমআর কমিউনিকেশনের কার্যালয়ে অভিযান চালায়। এটি বাংলালিংক অপারেটরের মিরপুর অঞ্চলের পরিবেশক প্রতিষ্ঠান। এই কার্যালয়ে তাদের কর্মচারীরা বিভিন্ন ব্যক্তির ছবি প্রিন্ট করা, ভুয়া ন্যাশনাল আইডি কার্ড বানানো এবং এসব ডকুমেন্ট ফাঁকা ফরমের সঙ্গে সংযুক্ত করছিল। সেখানে উপস্থিত বাংলালিংকের বিক্রয় প্রতিনিধি, পরিবেশক, পরিবেশকের বিক্রয় প্রতিনিধিসহ সংশ্লিষ্টদের জিজ্ঞাসা করলে বিস্তারিত তথ্য বেরিয়ে আসে।
র্যা ব কর্মকর্তারা বলেন, এমআর কমিউনিকেশনের কাছ থেকে সিম কার্ড নিয়ে তাদের নিযুক্ত বিক্রয় প্রতিনিধি খুচরা বিক্রেতাদের কাছে বিক্রির জন্য দেয়। এ ক্ষেত্রে প্রত্যেক বিক্রয় প্রতিনিধির জন্য মাসিক একটি লক্ষ্যমাত্রা থাকে। খুচরা বিক্রেতা সিমটি যখন কোনো ক্রেতার কাছে বিক্রয় করে তখন অনেক ক্ষেত্রে শুধু আঙুলের ছাপ, জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্মতারিখ নিয়েই সিমটি সচল করে দেয়। ফরম পূরণ করে না। নাম–ঠিকানা এবং অন্যান্য তথ্যাবলি থাকে অসম্পূর্ণ। খুচরা বিক্রেতা এসব অপূরণকৃত ফরমগুলো আবার বিক্রয় প্রতিনিধির মাধ্যমে পরিবেশকের কাছে জমা দেয়। পরে পরিবেশক পরিচয়পত্র নম্বর ও জন্মতারিখ ঠিক রেখে ভুয়া নাম-ঠিকানা ও ছবি ব্যবহার করে নিজেরাই জাতীয় পরিচয়পত্র বানায় এবং সে অনুযায়ী অপূরণকৃত ফরমটি সম্পূর্ণ পূরণ করে মূল অপারেটরের কাছে জমা দেয়।
র্যা ব কর্মকর্তারা বলেন, জাতীয় পরিচয়পত্রের নম্বরের সঙ্গে নাম-ঠিকানা ও ছবি সঠিক কি না, তা যাচাইয়ের কোনো পদ্ধতি না থাকায় অপারেটর এ ভুলটি শনাক্ত করতে পারে না। ভুল ফরমটিই তাদের ডেটাবেইসে সংরক্ষণ করে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো অপরাধ বা ঘটনার তদন্ত করতে গেলে এ ভুল এবং ভুয়া তথ্যের রেকর্ডই পেয়ে থাকে। যার কারণে মূল অপরাধী বা ব্যক্তিকে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। এসব অভিযোগের ভিত্তিতে এমআর কমিউনিকেশনের ৬১ জনকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে জাতীয় পরিচয়পত্রের তথ্য জালিয়াতির অভিযোগে মামলা দায়ের করা হবে।