ভুয়া পরোয়ানায় একই ব্যক্তিকে ছয় মাসে দুবার গ্রেপ্তার!
আফছার উদ্দিন তালুকদার। একজন মুদি দোকানদার। তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই। এর পরও চেক প্রত্যাখ্যানের একটি মামলার সাজা পরোয়ানায় গত সোমবার তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল মঙ্গলবার হাতকড়া পরিয়ে তাঁকে হাজির করা হয় আদালতে। পরোয়ানাটিতে বিচারকের সই, সিলমোহর, মামলা নম্বর দেখে বিচারক বিস্মিত। সবই জাল। গত বছরের আগস্টেও পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছিল এমন একটি ভুয়া পরোয়ানায়।
চট্টগ্রামের তৃতীয় যুগ্ম মহানগর দায়রা জজ এস এম জিল্লুর রহমান নিরপরাধ আফছারকে মুক্তির আদেশ দেন। সেই সঙ্গে ভুয়া পরোয়ানা তৈরিকারী চক্র শনাক্ত করতে গোয়েন্দা পুলিশকে নির্দেশ দেন তিনি।
গতকাল বেলা একটার দিকে দেখা যায়, আদালতের কাঠগড়ায় দাঁড়ানো আফছারের (৪৪) পরনে সোয়েটার ও প্যান্ট। হাতে হাতকড়া। বিচারকের আদেশের সঙ্গে সঙ্গে পুলিশ খুলে দেয় তাঁর হাতকড়া। তখন আফছারের দুই চোখে নামে অশ্রুধারা। তিনি বলেন, ‘কী অপরাধ করেছি আমি? কোনো মামলার আসামি নই। এর পরও আমার হাতে হাতকড়া পরানো হলো। থানায় রাখা হলো। যারা আমাকে মিথ্যা আসামি সাজিয়েছে, তাদের শিগগির গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।’
ঘটনার বর্ণনা দিয়ে আফছার আদালত প্রাঙ্গণে প্রথম আলোকে বলেন, ‘গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে নগরের অক্সিজেন আবাসিক এলাকায় আমার দোকান থেকে আমাকে গ্রেপ্তার করা হয়। পুলিশকে অনেক বার বলেছি, আমার বিরুদ্ধে কোনো মামলা নেই। এই পরোয়ানা ভুয়া। গত বছরের আগস্টেও এমন একটি ভুয়া পরোয়ানায় আমাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে আদালত আমাকে মুক্তি দেন। এসব কথা আমলেই নেয়নি পুলিশ। জোর করে হাতকড়া পরিয়ে আমাকে থানায় নিয়ে যায়। সেখানে সারা রাত রাখা হয়। পেটে আমার কোনো দানাপানি পড়েনি।’
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বণিক বলেন, সাজা পরোয়ানাটি দেখে বোঝার উপায় নেই এটি ভুয়া। বিচারকের সই, সিলমোহর, স্মারক নম্বর সবই রয়েছে। আফছারকে গ্রেপ্তারে পুলিশের এই ভুলটি হয়েছে অনিচ্ছাকৃতভাবে।
এর আগে গত বছরের ৫ ডিসেম্বর বিচারক, আইনজীবী, কোর্ট পরিদর্শকের সই ও সিলমোহর জাল করে ভুয়া জামিননামা দিয়ে চট্টগ্রাম কারাগার থেকে মুক্তির চেষ্টা করেন সাতকানিয়া থানার বিস্ফোরক মামলার দুই আসামি আবদুল আজিজ ও মো. বেলাল।