ভুয়া পরোয়ানায় কৃষক কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়া আমলি আদালত থেকে পাঠানো গ্রেপ্তারি পরোয়ানাবলে পুলিশ গত শনিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার চন্দ্রাহাট্টা গ্রামের কৃষক রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে। চার দিন পর ওই কৃষকের চাচা আনোয়ার আলী গত মঙ্গলবার নাটোর আদালতে খোঁজ নিয়ে জানতে পারেন গ্রেপ্তারি পরোয়ানাটি ছিল ভুয়া। প্রকৃতপক্ষে সিংড়া আমলি আদালত থেকে এ ধরনের কোনো গ্রেপ্তারি পরোয়ানা পাঠানো হয়নি। সিংড়া আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা (জিআরও) ওয়াজেদ আলী জানান, সিংড়ার জিআর ২৮/১১ নম্বর মামলায় পাঠানো গ্রেপ্তারি পরোয়ানায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার চন্দ্রাহাট্টা গ্রামের বিনছের আলীর ছেলে রফিকুল ইসলামকে গত শনিবার গ্রেপ্তার করেছে সংশ্লিষ্ট থানার পুলিশ। ওই মামলার নথি বের করে দেখা যায় উল্লিখিত ব্যক্তি এই মামলার আসামি নন। এই আদালতের বিচারকের স্বাক্ষর জাল করে ভুয়া গ্রেপ্তারি পরোয়ানা পাঠানো হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানাটি যাচাই করে দেখা যায়, তাতে নাটোর ও বগুড়ার পুলিশ সুপারের স্বাক্ষর রয়েছে। গ্রেপ্তারি পরোয়ানাটি দস্যুতা মামলার হলেও জিআর ২৮/১১ নম্বর মামলাটি একটি চাঁদাবাজির মামলা। পুলিশ তদন্ত শেষে মামলার চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে। এই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা পাঠানোর কোনো সুযোগ নেই। এ ঘটনাটি জানার পর সিংড়া আমলি আদালত থেকে কৃষক রফিকুল ইসলামকে কারাগার থেকে ছাড়ানোর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে এই আদালতে কোনো মামলা নেই। চাচা আনোয়ার আলী বলেন, ‘আমার ভাতিজা একজন কৃষক। তাঁর বিরুদ্ধে কোথাও কোনো মামলা আছে বলে আমাদের জানা নেই। কে কেন এভাবে ভুয়া ওয়ারেন্ট দিয়ে হয়রানি করছে তা আমরাও বলতে পারব না। বর্তমানে আমার ভাতিজা বগুড়া জেলা কারাগারে আটক আছে। ঘটনা তদন্ত করে দেখার জন্য আমি কর্মকর্তাদের অনুরোধ করছি।’