ভুয়া পরোয়ানায় হাজতবাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কী অপরাধে আমাকে হাজতে যেতে হলো? কেন আমাকে সামাজিকভাবে হেয় করল পুলিশ?’ এসব বলে হাউমাউ করে কেঁদে ফেললেন সৈয়দপুরের গোলাহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ মো. আমিরুল ইসলাম।ভুয়া পরোয়ানায় গ্রেপ্তারের পর পাঁচ দিন হাজত খাটা আমিরুল ইসলাম গতকাল বৃহস্পতিবার নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের মুশরত ধুলিয়া গ্রামে তাঁর বাড়িতে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে তিনি লিখিত লিখিত বক্তব্য পড়েন। এতে বলা হয়, কলেজ পরিচালনা পর্ষদের সঙ্গে বিরোধের জের ধরে গত বছরের ২ এপ্রিল তাঁকে অধ্যক্ষ পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। এ নিয়ে উচ্চ আদালতে মামলা বিচারাধীন। তিনি অভিযোগ করেন, গত ২৯ ডিসেম্বর সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বর থেকে পুলিশ তাঁকে অন্যায়ভাবে আটক করে থানায় নিয়ে যায়। জানতে চাইলে পুলিশ বলে, ‘ঢাকার বিমানবন্দর থানায় আমার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা আছে। এরপর পরিবার ঢাকার বিমানবন্দর থানায় যোগাযোগ করে নিশ্চিত হয়, আমার বিরুদ্ধে সেখানে এ ধরনের কোনো মামলা নেই। তাৎক্ষণিকভাবে সৈয়দপুর থানায় এ বিষয়ে তথ্য-প্রমাণ হাজির করা হলেও পুলিশ এর তোয়াক্কা না করে আমাকে নীলফামারী জেলহাজতে পাঠিয়ে দেয়।’ তিনি জানান, ‘বিমানবন্দর থানায় যে মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, সেটি (নম্বর ২৮(৭)১০) পাসপোর্ট আইনে একটি মামলা; যে মামলায় আমার কোনো সংশ্লিষ্টতার উল্লেখ নেই। পরে বিমানবন্দর থানা থেকে ওই মামলার এজাহার ও অভিযোগপত্রের ফটোকপি ফ্যাক্সযোগে সৈয়দপুর থানায় পাঠানো হয়। কিন্তু বিষয়টি সৈয়দপুর থানার পুলিশ আমলে না নিয়ে আমাকে জেলহাজতে পাঠিয়ে দেয়।’ আমিরুল ইসলাম বলেন, ‘পরবর্তীকালে ২ জানুয়ারি ঘটনাটি ঢাকার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-৪ এর নজরে আনা হয়। আদালত নথি পর্যালোচনা করে আমাকে ওই মামলা থেকে অব্যাহতির আদেশ দেন।’আদেশে বিচারক (জেলা জজ) আরিফুর রহমান উল্লেখ করেন, ‘পর্যালোচনা ও সার্বিক পারিপার্শ্বিকতা বিবেচনায় দরখাস্তকারী আসামি সৈয়দ মো. আমিরুল ইসলাম, পিতা-মৃত ইছাহাক আলী, সাং-মুশরত ধুলিয়া, থানা-সৈয়দপুর, জেলা-নীলফামারী এর নামে ইস্যুকৃত গ্রেপ্তারি পরোয়ানাটি ভুয়া ও বানোয়াট; যা একটি সংঘবদ্ধ জালিয়াত চক্রের কারসাজি। এরূপ কারসাজি তথা জালিয়াতিতে দরখাস্তকারীর শত্রুপক্ষীয় লোকজন এবং ওয়ারেন্ট তামিলকারী সংশ্লিষ্ট থানার পুলিশ অফিসার নিশ্চিতভাবে জড়িত—এই ট্রাইব্যুনালের কাছে এটাই প্রতীয়মান হয়েছে। যার উদ্দেশ্য কেবল দরখাস্তকারীকে হয়রানি ও শায়েস্তা করা।’বিচারকের ২ জানুয়ারির আদেশে ৩ জানুয়ারি আমিরুল ইসলামকে নীলফামারী জেলহাজত থেকে মুক্তি দেওয়া হয়। আমিরুল ইসলামকে গ্রেপ্তার করেন সৈয়দপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম। জানতে চাইলে তিনি বলেন, ‘গ্রেপ্তারি পরোয়ানা মূলত পুলিশ সুপারের মাধ্যমে থানা পেয়ে থাকে। সে অনুযায়ী বিধি মোতাবেক আমি নির্দেশনা তামিল করেছি। গ্রেপ্তারি পরোয়ানাটি ভুয়া কি না, তা আমার জানা নেই। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, ওয়ারেন্ট দেখেই সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন।নীলফামারীর পুলিশ সুপার আলমগীর রহমান বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’