সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির বরাদ্দ নিয়ে ব্যাপক লুটপাটের অভিযোগ উঠেছে। সংঘবদ্ধ প্রতারক চক্র বিভিন্ন প্রতিষ্ঠানের নামে অসংখ্য ভুয়া প্রকল্প কমিটি জমা দিয়ে বরাদ্দ তুলে নিয়েছে। আবার অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে বরাদ্দের পাশাপাশি প্রকল্পের অনুকূলে বরাদ্দ পেয়েও ন্যূনতম কাজ না করে বরাদ্দের সবটুকু আত্মসাতের ঘটনাও ঘটেছে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) দপ্তর সূত্রে জানা যায়, ২০১১-১২ অর্থবছরের জন্য স্থানীয় সাংসদ এইচ এম গোলাম রেজার নামে টিআরের আওতায় ১১০টি প্রকল্পের অনুকূলে ১৬৫ টন চাল বারদ্দ দেওয়া হয়। অনুসন্ধানে জানা গেছে, শ্যামনগর উপজেলা যুব সংহতির সম্পাদক কামরুল ইসলাম ইসমাইলপুর পরিবেশবান্ধব ক্লাবের সঙ্গে সম্পৃক্ত না হয়েও সংগঠনটির নামে এক টন চাল তুলে নিয়েছেন। ক্লাবের সভাপতি নজরুল ইসলাম জানান, তিনি নিজে সভাপতি হয়ে প্রকল্প কমিটি জমা দিয়েছিলেন। কিন্তু কামরুল ইসলাম বরাদ্দ তুলে আত্মসাৎ করেছেন। তবে কামরুল ইসলাম দাবি করেন, তিনি বরাদ্দ তুলে নেননি। পিআইও বলতে পারবেন কে তুলেছে। পিআইও জাফর রানা বলেন, কামরুল ইসলাম নিজেকে ক্লাবের কর্মকর্তা পরিচয় দিয়ে বরাদ্দ তুলে নিয়েছেন। ৩৪ হাজার ১৯৫ টাকা ফেরত দেওয়ার জন্য তাঁকে চিঠি দেওয়া হয়েছে।উপজেলার রমজাননগর ইউনিয়নের ১০০ টাকার বাঁধসংলগ্ন মসজিদের জন্য বরাদ্দ এক টন চাল ইউনিয়ন জাতীয় যুব সংহতির সভাপতি শহিদুল ইসলাম ভুয়া প্রকল্প কমিটি জমা দিয়ে তা তুলে নিয়েছেন। মসজিদের সভাপতি শেখ আল-মামুন অভিযোগ করেছেন, তাঁদের না জানিয়ে শহিদুল চাল তুলে নেওয়ায় তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন। শহিদুল ইসলাম বলেন, ‘আমি কোনো চাল তুলিনি, কে তুলেছে জানি না।’ সোনাখালী দক্ষিণপাড়া সর্বজনীন কৃষ্ণমন্দিরের সভাপতি প্রভাষক মনোরঞ্জন মণ্ডল ও সম্পাদক পতিতপবন মণ্ডল জানান, তাঁদের না জানিয়ে স্বপন পালের নামে এক ব্যক্তি ভুয়া কমিটি জমা দিয়ে বরাদ্দ চাল তুলে নিয়েছেন।সরেজমিনে দেখা গেছে, অস্তিত্ব না থাকার পরও গাবুরা ইউনিয়নে পল্লিবন্ধু ক্লাব, তারানীপুর বায়তুল নূর জামে মসজিদ, বল্লভপুর মন্দিরসহ ৩০টি প্রতিষ্ঠানের নামে ভুয়া প্রকল্প কমিটি জমা দিয়ে বরাদ্দ তুলে নিয়ে আত্মসাৎ করা হয়েছে।নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জানান, স্থানীয় সাংসদ গোলাম রেজার ভগ্নিপতি এস আর কাদির এবারের প্রকল্পের তালিকা প্রস্তুত করার দায়িত্ব পান। তাঁর সহযোগিতায় বরাদ্দ পাওয়ায় কোনো কোনো ক্ষেত্রে তাঁকে অর্ধেক ভাগ দিতে হয়েছে। উপজেলা ছাত্রসমাজের এক নেতা বলেন, ‘আমি চাল উঠিয়ে নিলেও এক টাকাও পাইনি, এমপি সাহেবের এক আত্মীয় সব টাকা আত্মসাৎ করেছেন।’এ বিষয়ে এস কাদির মুঠোফোনে বলেন, তালিকার বিষয়ে তিনি কিছু জানেন না। পিআইও জাফর রানা বলেন, অভিযোগ পাওয়ার পর অনিয়ম তদন্তে ২৮ জুন ১২ ইউনিয়নে ১২ সরকারি কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। কিন্তু ১৫ জুলাই পর্যন্ত কেউ প্রতিবেদন জমা দেয়নি। তবে প্রাথমিকভাবে ২৫টি প্রতিষ্ঠানের ক্ষেত্রে অভিযোগের সত্যতা মিলেছে। ওই সব প্রতিষ্ঠানের নামে বরাদ্দ চাল উত্তোলনকারীদের ১৫ জুলাই নোটিশ দিয়ে ১০ দিনের মধ্যে ফেরত দিতে বলা হয়েছে। ইউএনও মো. দৌলতুজ্জামান খান জানান, প্রাথমিকভাবে নোটিশ দেওয়া হচ্ছে। পরে মামলা করা হবে। সাংসদ এইচ এম গোলাম রেজা জানান, অস্তিত্বহীন প্রতিষ্ঠান কিংবা ভুয়া কমিটির মাধ্যমে বরাদ্দ উত্তোলন করে থাকলে ওই দায়দায়িত্ব নির্বাহী কর্মকতার। তাঁর ভগ্নিপতির বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, কেউ অন্যায় করলে তাঁকে আইনের আওতায় আসতেই হবে।