ভুয়া প্রকল্প দেখিয়ে, কাজ না করেই বরাদ্দ আত্মসাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের কুতুবদিয়ায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির (টিআর) অধীন ২৪৯টি প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ভুয়া প্রকল্প দেখিয়ে এবং কাজ না করেই প্রকল্পের গম ও টাকা আত্মসাৎ করা হয়েছে।কক্সবাজার-২ আসনের সাংসদ ও জামায়াতে ইসলামী ঢাকা মহানগর শাখার সেক্রেটারি হামিদুর রহমান আযাদ দলীয় নেতা-কর্মীদের এসব প্রকল্পের সভাপতি করেছেন। এভাবে তিনি টিআরের প্রকল্প বাস্তবায়নে অনিয়ম করেছেন বলে অভিযোগ করা হয়েছে। কুতুবদিয়া উপজেলার ছয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সংবাদ সম্মেলন করে ২১ জুলাই এসব অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, সাংসদ হামিদুর রহমান আযাদের নামে ২০১০-১১ অর্থবছরের জন্য টিআরের (নগদ টাকা) ১৩৯টি প্রকল্পের বিপরীতে ৩৭ লাখ টাকা, সাধারণ কর্মসূচির অধীনে ৯৬টি প্রকল্পের বিপরীতে ১৪৪ মেট্রিক টন গম এবং টিআর (কাবিখা) কর্মসূচির ১৪টি প্রকল্পের বিপরীতে ১১০ মেট্রিক টন গম বরাদ্দ করা হয়।১৯ জুলাই কুতুবদিয়া উপজেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভা হয়। এতে সাংসদ হামিদুর রহমান আযাদ উপস্থিত হলে উল্লেখিত ছয় ইউপির চেয়ারম্যানরা প্রকল্প বরাদ্দে দলীয়করণ আর অনিয়ম করার অভিযোগ তুলে সভা বর্জন করেন।উত্তর ধুরুং ইউপির চেয়ারম্যান সিরাজদ্দৌলা কুতুবী অভিযোগ করেন, ওই ইউনিয়নের চাড়িপাড়া-ফরিজ্যারপাড়া রাস্তা পুনর্নির্মাণ করার জন্য ছয় মেট্রিক টন গম বরাদ্দ করা হয়। স্থানীয় জামায়াত নেতা মো. ছানাউল্লাকে এ প্রকল্পের সভাপতি করা হয়। কোনো কাজ না করেই এ প্রকল্পের গম বিক্রির টাকা আত্মসাৎ করা হয়েছে। মো. ছানাউল্লাহ অনিয়মের কথা অস্বীকার করে বলেন, তিনি কাজ শেষ করে মাস্টার রোল জমা দিয়েছেন। টানা বর্ষণ আর জোয়ারের পানিতে নির্মিত রাস্তা ভেঙে গেছে। কৈয়ারবিল ইউপির চেয়ারম্যান আজমগীর মাতবরসহ কয়েকজন চেয়ারম্যান অভিযোগ করেন, কুতুবদিয়া কলেজ উন্নয়ন নামে (টিআর-নগদ টাকা) একটি প্রকল্পে ৪০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এ কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাংসদ। ১০০ দিনের কর্মসূচির শ্রমিক দিয়ে গত মার্চ মাসে কলেজের মাঠ ভরাট করা হয়েছে। অথচ এ মাঠ ভরাট দেখিয়ে প্রকল্পের ৪০ হাজার টাকার অধিকাংশ আত্মসাৎ করা হয়েছে। সাংসদ হামিদুর রহমান আযাদ জানান, টিআর ও কাবিখার বরাদ্দ পেলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং ইউএনও এগুলো তদারকি করেন। পরে তাঁরা বরাদ্দের ছাড়পত্র দেন। জামায়াত ও শিবিরের নেতা-কর্মীদের প্রকল্পের সভাপতি করার মাধ্যমে দলীয়করণ করার অভিযোগ সাংসদ হামিদুর রহমান অস্বীকার করেছেন। তিনি আরও জানান, তাঁর ভাতিজা (মোহাম্মদ আমিন) যে তাঁর নামে প্রকল্পের অর্থ ও গম নিয়েছেন তা তিনি জানেন না। কুতুবদিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজি জানান, সাংসদ প্রথমে প্রকল্পগুলো অনুমোদন দেন। অনুমোদন পাওয়ার পর প্রকল্পের অগ্রিম বরাদ্দের গম অথবা টাকার ছাড়পত্র প্রকল্পের সভাপতিকে দেওয়া হয়। এরপর মাস্টার রোল জমা নেওয়ার সময় প্রকল্পের কাজ দেখা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম মহিউদ্দিন কবির মাহিন বলেন, ‘সরেজমিনে গিয়ে দেখা গেছে অধিকাংশ প্রকল্পের কাজ এখনো শুরু করা হয়নি। আবার যেসব প্রকল্পে কাজ শেষ করেছে তা মানসম্মত হয়নি। ইউপির চেয়ারম্যানরা কাজে অনিয়মের বিষয়টি আমাকে জানিয়েছেন।’