ভুয়া প্রকল্প দেখিয়ে গম আত্মসাত্

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার সাভিয়া নগর হক সাহেব উচ্চবিদ্যালয়ের মাটি ভরাট প্রকল্পের পাঁচ মেট্রিক টন গম লোপাট হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক দুজন সদস্য মেরাজ মিয়া ও শাহজাহান ভুয়া প্রকল্প দেখিয়ে ওই গম আত্মসাত্ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় গত বৃহস্পতিবার বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আসমত আলী অষ্টগ্রাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
পিআইও এবং বিদ্যালয়ের শিক্ষক সূত্রে জানা গেছে, সম্প্রতি সাভিয়া নগর হক সাহেব উচ্চবিদ্যালয়ের মাটি ভরাট প্রকল্পের জন্য বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আসমত আলীকে সভাপতি ও শিক্ষক জালাল আহাম্মেদকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের প্রকল্প কমিটি করা হয়।
সরকারি নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রও জমা দেওয়া হয়। কিন্তু আসমত আলী পিআইও কার্যালয়ে প্রকল্পের উত্তোলন আদেশ (ডিও) আনতে গিয়ে জানতে পারেন, বিদ্যালয়ের বিলুপ্ত পরিচালনা কমিটির দুজন সদস্য ভুয়া প্রকল্প দাখিল করে ডিও নিয়ে গেছেন।
মেরাজ মিয়া ও শাহজাহানের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা এ ব্যাপারে কথা বলতে রাজি হননি। পিআইও আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।