ভুয়া প্রকল্প দেখিয়ে চাল ও টাকা ভাগবাটোয়ারা
সুনামগঞ্জের দিরাইয়ে কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা), টেস্ট রিলিফ (টিআর) ও অতিদরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের চাল ও টাকা প্রকল্প কমিটির সদস্যরা ভাগাভাগি করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অনেক ক্ষেত্রে ভুয়া প্রকল্প তৈরি করে সংশ্লিষ্ট লোকজন টাকা ও চাল আত্মসাৎ করেছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় (পিআইও) সূত্রে জানা গেছে, উপজেলায় চলতি ২০০৯-১০ অর্থবছরে কাবিখার ৬৯টি প্রকল্পের বিপরীতে ৪৪৭ দশমিক ৯৯৫ টন এবং টিআরের ৯৭টি প্রকল্পের বিপরীতে ২১২ দশমিক ৫০ টন চাল বরাদ্দ করা হয়। কর্মসংস্থান কর্মসূচির ১১৩টি প্রকল্পে বরাদ্দ করা হয় ৭২ লাখ ২৪ হাজার টাকা। কর্মসংস্থান কর্মসূচিতে শ্রমিকদের তালিকা করে ৪০ দিন পর্যন্ত গ্রামীণ রাস্তা সংস্কার, মাটি কাটা ও কাঁচা রাস্তা নির্মাণের কাজ করানোর কথা থাকলেও কোনো প্রকল্পেই তা হয়নি।সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার রফিনগর ইউনিয়নে ‘নোয়াগাঁও বাজারে মাটি ভরাট’ প্রকল্পে এক লাখ ৪৪ হাজার টাকা বরাদ্দ হলেও খুব বেশি হলে পাঁচ হাজার টাকার মাটি কাটা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, রফিনগরে নোয়াগাঁও বাজার বলতে কোনো বাজারের অস্তিত্ব নেই। একই ইউনিয়নের ‘রামবীজনপুর সমেশ্বরী গাছ থেকে চিনাখেত গোপাট পুনর্নির্মাণ’ প্রকল্পে ৪৮ হাজার টাকা বরাদ্দ হলেও এতে মাটি কাটা হয়েছে তিন-চার হাজার টাকার। ভাটিপাড়া ইউনিয়নে ‘দত্তগ্রাম কটা নদীর পূর্ব পাড় হয়ে বিধান বাবুর বাড়ির সামনের বেড়িবাঁধ পুনর্নির্মাণ’ প্রকল্পে বরাদ্দ ছিল এক লাখ ৪৪ হাজার টাকা। এতে ১০-১২ হাজার টাকার মাটি কেটে বাকি টাকা আত্মসাৎ করা হয়েছে। ভাটিপাড়া ইউনিয়নের কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের সভাপতি উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা নুরুল ইসলাম মজুমদার বলেন, ‘আমার দায়িত্বে থাকা ১০টি প্রকল্পে নিয়মানুযায়ী কাজ হয়। কোথাও কোনো অনিয়ম হয়নি।’ রফিনগর ইউনিয়ন প্রকল্পের সভাপতি উপজেলা সহকারী প্রকৌশলী এম এ মামুন টাকা আত্মসাতের আভিযোগ অস্বীকার করেছেন।উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুছ বলেন, কোনো প্রকল্পের কাজই সঠিকভাবে হয়নি। যেখানে বাজারের কোনো অস্তিত্ব নেই, সেখানেও বাজার উন্নয়নের ভুয়া প্রকল্প তৈরি করা হয়েছে।কয়েকটি প্রকল্পের নাম প্রকাশে অনিচ্ছুক সদস্যরা জানান, পিআইও অফিসেই টনপ্রতি দুই হাজার টাকা ও মাস্টাররোল তৈরি করতে আরও ৪০০ টাকা দিতে হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলতাব উদ্দিন বলেন, কাবিখা, টিআর ও কর্মসংস্থান প্রকল্পের কাজ না করে চাল ও টাকা আত্মসাৎ করা হয়েছে। অনেক প্রকল্প তালিকায় থাকলেও বাস্তবে এগুলোর কোনো অস্তিত্ব নেই। পিআইও আবদুল হাই খান ভুয়া প্রকল্প ও প্রকল্প কমিটির সদস্যদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।