ভুয়া প্রকল্প দেখিয়ে ১৮ টন চাল আত্মসাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুয়া প্রকল্প দেখিয়ে সরকারি জিআর (খয়রাতি) প্রকল্পের ১৮ টন চাল আত্মসাৎ করেছেন বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী হুমায়ুন কবির। এ অভিযোগে গত শনিবার রাতে তাঁকে পুলিশে সোপর্দ করেন বরিশাল-১ আসনে আওয়ামী লীগের সাংসদ ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ। পরে আত্মসাৎ করা চাল ফেরত দেওয়ার মুচলেকা দিয়ে তিনি ছাড়া পান।
পুলিশ, স্থানীয় লোকজন ও সংশ্লিষ্ট সূত্র জানায়, আগৈলঝাড়ার বিভিন্ন মসজিদ, মন্দির, বৃদ্ধাশ্রমের জন্য সম্প্রতি জিআর প্রকল্পের মাধ্যমে ১৪০ টন চাল বরাদ্দ দেয় সরকার। হুমায়ুন কবির সাংসদ আবুল হাসানাত আবদুল্লাহর প্রতিষ্ঠিত আগৈলঝাড়ার সেরাল গ্রামের শহীদ আবদুর রব সেরনিয়াবাত বৃদ্ধাশ্রমের নামে ভুয়া প্রকল্প দাখিলের মাধ্যমে ১৮ টন চাল বরাদ্দ দেখিয়ে তা আত্মসাৎ করেন।
সাংসদের এক ঘনিষ্ঠজন নাম প্রকাশ না করার শর্তে জানান, বিষয়টি সাংসদ আবুল হাসানাত আবদুল্লাহ জানার পর শনিবার রাত নয়টার দিকে আগৈলঝাড়া উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) শচীন্দ্রনাথ বৈদ্য ও অফিস সহকারী হুমায়ুন কবিরকে স্থানীয় ডাকবাংলোয় তলব করেন। সাংসদ কাগজপত্র দেখে ভুয়া প্রকল্পের মাধ্যমে ১৮ টন চাল আত্মসাতের সত্যতা পান। এরপর তিনি হুমায়ুন কবিরকে পুলিশে সোপর্দ করেন।
অভিযোগের ব্যাপারে হুমায়ুন কবিরকে জিজ্ঞাসা করলে তিনি কথা বলতে রাজি হননি।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন হুমায়ুন কবিরকে আটকের কথা স্বীকার করে বলেন, গভীর রাতে পিআইও শচীন্দ্রনাথ বৈদ্য হুমায়ুনকে তাঁর জিম্মায় নিয়ে যান।
শচীন্দ্রনাথ বৈদ্য বলেন, ‘হুমায়ুন কবির আত্মসাৎ করা চাল কিনে ফেরত দেওয়ার লিখিত মুচলেকা দিয়েছেন। এরপর সাংসদের নির্দেশে হুমায়ুনকে আমি জামিনে নিয়ে আসি।’