ভুয়া প্রকল্পে নিয়োগের নামে টাকা আত্মসাতের অভিযোগ
বরগুনার আমতলী ও তালতলী উপজেলায় রূপালী হেলথ কেয়ার ফাউন্ডেশন নামের একটি বেসরকারি সংস্থা (এনজিও) প্রকল্পে কর্মী নিয়োগের নামে ১৫০ জনের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সংস্থাটির আমতলী ও তালতলীর আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা বলেন, দুই উপজেলায় বিশ্বব্যাংকের অর্থায়নে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সহযোগিতায় বায়ুমণ্ডলে কার্বন হ্রাসকরণ প্রকল্পে (সিডিএম) বনায়নের কাজকে তিন স্তরে ভাগ করা হয়েছে। ২১ বছর মেয়াদি কাজের প্রথম স্তরে উপকূলীয় অঞ্চলের গ্রামপর্যায়ে বনায়নের জন্য জরিপ করা হবে। দ্বিতীয় স্তরে বাড়িতে ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হবে। রোপণ করা গাছের পরিচর্যা করা হবে শেষ স্তরে। রূপালী হেলথ কেয়ার ফাউন্ডেশন এ কাজ পাওয়ায় আমতলী ও তালতলী উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১৫ জন সুপারভাইজার এবং প্রতি ওয়ার্ডে একজন করে মোট ১৩৫ জন মাঠকর্মী নিয়োগ করা হয়েছে।
আমতলীতে মাঠকর্মী পদে নিয়োগ পাওয়া শাহারিয়ার হাবিব বলেন, তাঁর কাছ থেকে সংস্থার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জামাল হোসেন আট হাজার টাকা নিয়েছেন। তালতলী উপজেলার সুপারভাইজার পদে চাকরির জন্য ১৫ হাজার টাকা দিয়েছেন চাউলা গ্রামের জামাল মিয়া। তাঁদের ভাষ্যমতে, সুপারভাইজার পদে জনপ্রতি ১৫ হাজার এবং মাঠকর্মী পদে জনপ্রতি আট হাজার টাকা করে নিয়েছেন জামাল হোসেন। গত বছরের জুন-জুলাইতে নিয়োগ পাওয়া কর্মীদের প্রথম ব্যাচের প্রশিক্ষণ সম্পন্ন হলেও এখন পর্যন্ত তাঁরা নিয়োগপত্র বা বেতন-ভাতা পাননি।
আমতলীর কুকুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কায়েসুর রহমান বলেন, তাঁর ইউনিয়নের নয় ব্যক্তির কাছ থেকে সংস্থাটি টাকা নিয়েছে। তবে সংস্থার আমতলী শাখার ব্যবস্থাপক মিজানুর রহমান বলেন, ‘আমরা কোনো টাকা-পয়সা নিইনি।’ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক জামাল হোসেন দাবি করেন, ‘মন্ত্রণালয় থেকে আমরা প্রকল্প পেয়েছি।’ তিনি কর্মী নিয়োগে টাকা নেওয়ার কথা অস্বীকার করলেও কর্মীদের বেতন-ভাতা ও নিয়োগপত্র দেওয়ার বিষয়ে কথা বলতে রাজি হননি।
পটুয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো বলেন, ‘আমতলী ও তালতলীতে এ ধরনের কোনো প্রকল্পের কাজ হচ্ছে বলে আমি শুনিনি।’ আমতলী উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন বাশির বলেন, উপজেলায় রূপালী হেলথ কেয়ার ফাউন্ডেশন নামে কোনো এনজিও নেই। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল্লাহ বলেন, এলাকায় কর্মরত জাতীয় ও স্থানীয় এনজিওগুলো প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। তবে রূপালী হেলথ কেয়ার ফাউন্ডেশন নামের কোনো সংস্থা বা এর কাজ সম্পর্কে উপজেলা প্রশাসন অবগত নয়।