ভুয়া প্রতিষ্ঠানের নামে বরাদ্দ দিয়ে টাকা আত্মসাৎ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির (টিআর) অধিকাংশ প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। কাজ না করে, ভুয়া প্রকল্প দেখিয়ে ও বেনামি প্রতিষ্ঠানের নামে বরাদ্দ দিয়ে এ অপতৎপরতা চালানো হয়েছে। ৩০ জুন শেষ করার কথা থাকলেও অনেক প্রকল্পের কাজ এখনো শুরুই করা হয়নি।এলাকাবাসীর অভিযোগ, টিআরের প্রকল্পগুলো বণ্টনের দায়িত্ব স্থানীয় দুই সাংসদ আওয়ামী লীগ ও বিএনপির নেতাদের দিয়েছেন। তাঁরাই দলীয় নেতা-কর্মী ও পছন্দের ব্যক্তিদের প্রকল্পের সভাপতি করেছেন এবং তাঁদের দিয়ে বরাদ্দ করা টাকা আত্মসাৎ করেছেন।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে টিআরের অধীনে জয়পুরহাট-১ আসনের বিএনপিদলীয় সাংসদ মোজাহার আলী প্রধানের নামে ৯৪টি প্রকল্পের বিপরীতে ৩৭ লাখ টাকা এবং মহিলা সাংসদ বেগম মাহফুজা মণ্ডলের নামে ২১টি প্রকল্পের বিপরীতে ১৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কলেজ, স্কুল, মাদ্রাসা, মসজিদ, মন্দির, জনকল্যাণমূলক সংগঠনের উন্নয়ন ও সংস্কারের জন্য এ টাকা বরাদ্দ দেওয়া হয়। ইতিমধ্যে বরাদ্দের সব টাকা তোলা হয়েছে।গত ২৭ জুলাই সরেজমিনে দেখা গেছে, হরেন্দা পূর্বপাড়ায় (নুরুল ইসলামের পাড়া) সাংসদ মোজাহার আলী প্রধানের শশুরবাড়ির কবরস্থান সংস্কারের নামে ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এখনো সংস্কারের কাজ শুরুই হয়নি। সাংসদ মোজাহার আলী বলেন, কেউ প্রকল্পের কাজ না করলে টাকা ফেরত দিতে বাধ্য থাকবে।দানেজপুর (রেজিঃ) নারী জাগরণ সংস্থার সভানেত্রী সেলিনা চৌধুরী বরাদ্দের ৩০ হাজার টাকার মধ্যে ২০ হাজার টাকা পেয়েছেন বলে জানান। ৪০ হাজার টাকা বরাদ্দ পাওয়া পাড়ইল ঠেঙ্গাপাড়া যুব কল্যাণ সমিতির সদস্য মাহবুব আলম জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরে ক্লাব সংস্কারের কোনো কাজ হয়নি।ধরঞ্জি ডিকেএসপি খেলোয়ার কল্যাণ সমিতির সদস্য আজিজুল ইসলাম বলেন, ‘আমাদের ঘরই নাই, টাকা বরাদ্দ হয় কীভাবে? টিআরের টাকার কোনো খবর আমরা জানি না।’এ ব্যাপারে উভয় প্রকল্পের সভাপতি (একজন) রেজাউল করিম বলেন, বাজারে ইটের সংকট থাকায় সময়মতো ইট কেনা সম্ভব হয়নি। এ জন্য কাজ শুরু করা যায়নি। খুব শিগগিরই কাজ শুরু হবে।কেশবপুর পূর্বপাড়া বায়তুস সালাম জামে মসজিদে ৪০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। মসজিদের সভাপতি শিক্ষক সিরাজ উদ্দিন বলেন, মসজিদের প্রকল্পের কোনো টাকা পাওয়া যায়নি। মহিলা সাংসদ বেগম মাহফুজা মণ্ডলের ২১টি প্রকল্পের চারটি দেওয়া হয়েছে বেসরকারি সংস্থাকে (এনজিও)। এর মধ্যে সোশ্যাল ডেভেলপমেন্ট সার্ভিসের কার্যালয় খুঁজে পাওয়া গেছে। সোনালী সংঘ উন্নয়ন, সোনার বাংলা মহিলা সংঘ ও বীরনগর নারী কল্যাণ সংঘ নামের অপর তিনটি সংস্থার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।জীবনপুর খেলার মাঠ সংস্কারের জন্য ৫৮ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। সরেজমিনে ওই মাঠে গিয়ে সংস্কারের কোনো চিহ্ন দেখা যায়নি। জীবনপুর গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম জানান, চলতি বছর এ মাঠে মাটি কাটা হয়নি।দরগাপাড়া এতিমখানার উন্নয়নের নামে ৪০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু এতিমখানার প্রধান তত্ত্বাবধায়ক রফিকুল ইসলাম ১৫ হাজার টাকা পেয়েছেন বলে স্বীকার করেন।উপজেলা বিএনপির সভাপতি আবদুল গফুর মণ্ডল বলেন, ‘কাজ সব জায়গাতে হয়েছে। কোথাও কাজ না হলে আমরা এ ব্যাপারে তদারকি করে দেখব।’উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জানান, বৃষ্টির কারণে কয়েকটি প্রকল্পের কাজ শুরু করা সম্ভব হয়নি। অচিরেই বাকিগুলোতে কাজ শুরু করা হবে। পিআইও বলেন, ‘প্রকল্প তৈরি করেন সাংসদেরা, আমার জানামতে প্রতিটি প্রকল্পেরই কাজ হয়েছে। তাঁদের সবার বিল পরিশোধ করা হয়েছে।’সাংসদ মোজাহার আলী প্রধান বলেন, ‘বরাদ্দ দেওয়ার দায়িত্ব আমার। কাজ দেখভাল করার দায়িত্ব পিআইও, ইউএনওসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের। কাজ সঠিকভাবে না হলে তদারকির পরে ব্যবস্থা নেওয়া হবে।’মহিলা সাংসদ বেগম মাহফুজা মণ্ডল জানান, ‘আমি বরাদ্দ দিয়েছি, এটি আমার দায়িত্ব। কাজ দেখার জন্য আমার যাওয়ার সময় নাই। এর জন্য দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছেন। এটি তিনারাই দেখবেন।’