ভুয়া প্রশ্নপত্র ফাঁসের মামলায় ৬ আসামি রিমান্ডে
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ছয়জনকে চার দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম নূর নাহার ইয়াসমিন এ আদেশ দেন। ওই ছয়জন হলেন রাজু আহম্মেদ, ফয়সালুর রহমান ওরফে আকাশ, জোহায়ের আয়াজ, মহিউদ্দিন ইমন, স্বাধীন আল মাহমুদ ও কাজী রাশেদুল ইসলাম।
এর আগে আসামিদের আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে ডিবি পুলিশ। আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, মামলার ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য সাত দিনের রিমান্ড চাওয়া হলে আদালত ছয় সদস্যের প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।
পুলিশ বলছে, ডিবি (উত্তর) বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম কলাবাগান, পশ্চিম রামপুরা ও ভাটারা থানা এলাকা থেকে সোমবার তাঁদের গ্রেপ্তার করে। এ সময় গ্রেপ্তার হওয়া ছয়জনের কাছ থেকে ল্যাপটপ, সিপিইউ, রাউটার, মোবাইল ও সিমকার্ড জব্দ করা হয়।
ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে ডিবির যুগ্ম কমিশনার আবদুল বাতেন বলেন, ফেসবুকে পোস্ট করা প্রশ্নের স্ন্যাপশটের সঙ্গে পরীক্ষায় আসা প্রশ্নগুলো মিলিয়ে দেখা হয়েছে। এসব প্রশ্নের সঙ্গে শতকরা ৩০ থেকে ৪০ ভাগ মিল পাওয়া গেছে। গ্রেপ্তার হওয়া চক্রটি ফেসবুকে ক্লায়েন্ট গ্রুপ খুলে নিজেদের বিশ্বাসযোগ্য করতে তারা বিভিন্ন পোস্ট দেয়। এরপর প্রশ্ন পাঠিয়ে তাদের কাছ থেকে বিকাশে টাকা আদায় করে। পরীক্ষার গুরুত্ব ও চাহিদা অনুযায়ী তারা ৫০০ থেকে ২৫ হাজার টাকা আদায় করে আসছিল।