রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তিপরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিক্রির সময় এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাতে পুলিশ শহীদুল্লাহ কলা ভবনের সামনে থেকে তাঁকে আটক করে।গ্রেপ্তার হওয়া ছাত্রের নাম ইমরান হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু হুসাইনের নাম ভাঙিয়ে শহীদুল্লাহ কলা ভবনের সামনে ভর্তি হতে আসা শিক্ষার্থীদের কাছে বিভিন্ন ইউনিটের ভুয়া প্রশ্নপত্র বিক্রি করছিলেন ইমরান হোসেন। ছাত্রলীগের নেতা-কর্মীরা বিষয়টি জানতে পেরে সাধারণ সম্পাদককে জানান। খবর পেয়ে ছাত্রলীগের ওই নেতা (আবু হুসাইন) মতিহার থানার পুলিশকে এ বিষয়ে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থল এসে ইমরান হোসেনকে আটক করে।আবু হুসাইন জানান, ইমরান ছাত্রলীগের কেউ নন। ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে উদ্দেশ্যমূলকভাবে তিনি এ ধরনের কাজ করতে পারেন।মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন জানান, ইমরানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।