ভুয়া প্রেমিকের সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশায় তিনি নরসুন্দর, স্ত্রী-সন্তানও আছে। নিজের এসব পরিচয় গোপন করে এক স্কুলশিক্ষকের ছেলে সেজে কলেজছাত্রীর সঙ্গে চুটিয়ে প্রেম করে আসছিলেন রাজশাহীর বাগমারার জাহাঙ্গীর আলম (২৯)।মুঠোফোনে পরিচয়ের মাধ্যমে ওই কলেজছাত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন জাহাঙ্গীর। শেষ পর্যন্ত তাঁর আসল পরিচয় বেরিয়ে এসেছে, যেতে হয়েছে জেলে। গতকাল বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত তাঁর ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন।থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বাঙ্গালপাড়া গ্রামের জাহাঙ্গীর নিজেকে শ্রীপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের ছেলে পরিচয় দিয়ে একই উপজেলার এক কলেজছাত্রীর সঙ্গে মুঠোফোনে সম্পর্ক গড়ে তোলেন। তাঁদের মধ্যে কয়েকবার দেখা-সাক্ষাৎও হয়। ছাত্রীর পরিবার বিষয়টি জানতে পেরে শিক্ষক নজরুল ইসলামের কাছে ছেলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন। শিক্ষক মেয়ের পরিবারকে চ্যালেঞ্জ করেন। পরে তিনি বিষয়টি যাচাই করার জন্য ছেলেকে বাড়িতে ডেকে পাঠান। গত বুধবার উভয় পরিবারের সদস্য ও মেয়ের সামনে শিক্ষকের ছেলেকে হাজির করা হয়। মুঠোফোনে পরিচয় হওয়া ছেলেটি সেই ছেলে নয় বলে উপস্থিত লোকজনকে ছাত্রীটি জানান। তাঁর কাছ থেকে মুঠোফোন নম্বর নিয়ে বের করা হয় জাহাঙ্গীরকে।পরে থানায় জানানো হলে পুলিশ গতকাল সকালে জাহাঙ্গীরকে আটক করে। খবর পেয়ে ওই ছাত্রী থানায় এসে তাঁর কথিত প্রেমিককে শনাক্ত করেন। তিনি তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ইউসুফ মো. রেজাউর রহমান তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেন।বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর সব স্বীকার করেছেন। স্থানীয় লোকজন জানান, জাহাঙ্গীর পেশায় একজন নরসুন্দর। তাঁর স্ত্রীও একই কথা বলেছেন।