ভুয়া প্লট বরাদ্দ বাতিল এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল নতুন শহর প্রকল্পে ভুয়া প্লট বরাদ্দ বাতিল ও প্রকৃত ক্ষতিগ্রস্ত আদি বাসিন্দাদের প্লট বরাদ্দ দেওয়ার দাবিতে প্রতিবাদ সভা করেছে পূর্বাচল উপশহর আন্দোলন কমিটি। গতকাল বৃহস্পতিবার রূপগঞ্জ উপজেলার মাঝিপাড়া এলাকায় এ প্রতিবাদ সভা হয়। সভায় পূর্বাচল উপশহর আন্দোলন কমিটির নেতারা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন। অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুমকি দেন তাঁরা। আন্দোলনের কমিটির সমন্বয়কারী আবুল ফজল রাজুর সভাপতিত্বে প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আন্দোলন কমিটির সভাপতি আজহারুল হক, সাধারণ সম্পাদক মনিরুল হক খসরু, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মোল্লা, নিজামউদ্দিন, মিজানুর রহমান, এম এ মোমেন প্রমুখ। ক্ষতিগ্রস্ত আদি বাসিন্দারা অভিযোগ করেন, রাজউক দীর্ঘ সাত বছরেও নতুন শহর প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত আদি বাসিন্দাদের বরাদ্দকৃত প্লট বুঝিয়ে দিতে পারেনি।