ভুয়া বন্দোবস্তি ও জাল দলিলের ছড়াছড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় গড়ে উঠেছে জাল দলিল ও ভুয়া বন্দোবস্তি তৈরির চক্র। সাধারণ মানুষ ও কয়েকজন ব্যবসায়ী প্রতারিত হলেও প্রভাবশালী এই চক্রের বিরুদ্ধে কেউ ব্যবস্থা নিতে সাহস করে না। সম্প্রতি ১০টি নামজারি মামলার নথির সব স্বাক্ষর জালের ঘটনা ধরা পড়েছে। প্রথম আলোর অনুসন্ধান ও সরকারি তদন্তে জানা যায়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের রাবার প্ল্যান্টারের ভলিউম বই কাজে লাগিয়ে ভূমি জালিয়াত চক্র ১৯৮০-৮১ সালের বন্দোবস্তির নামে জাল দলিল তৈরি করছে। উপজেলা কমপ্লেক্সের হুকুমদখলীয় একটি (আদালত ভবন ও থানার সামনে) জায়গা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি হাফেজ আবুল বাশারের স্ত্রীর নামে ২৩৯ নম্বর হোল্ডিংভুক্ত করে রাবার প্ল্যান্টারের ভলিউম বইয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। জায়গাটির প্রকৃত হোল্ডিং নম্বর-৪২৫, দাগ নম্বর-৫৭৩। ৩০ নম্বর বড় মেরুং মৌজার হায়াতুল ইসলাম জানান, তাঁর নামীয় ৪১৮ নম্বর হোল্ডিংয়ের একটি জমি বন্দোবস্তি থাকলেও জালিয়াত চক্র ভুয়া মিউটেশন মামলা মূলে নাজমা আক্তারের নামে নামজারি দেখিয়েছে। অথচ তিনি ১৯৯২ সালেও জমিটির জমাবন্দী (অবিকল নকল) নিয়েছেন। পরে নাজমা আক্তার তাঁকে জানান, জমিটি তিনি নামজারি করেননি।গত বছরের নভেম্বরে ভূমি কার্যালয়ে ১০টি নামজারি মামলা জমা হয়। চট্টগ্রামের মিরসরাইয়ের জামশেদ আলম ও ঢাকার রাশেদ উদ্দিনের নামে এই নামজারি মামলাগুলো রুজু করা হয়। কাগজপত্র দেখে সন্দেহ হলে সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোঁজ নিয়ে কাগজপত্রের সব স্বাক্ষর জাল বলে নিশ্চিত হন। জিন্নাত আলীর নামজারির একটি জমাবন্দী পর্যালোচনা করে সহকারী কমিশনারের স্বাক্ষরও জাল ধরা পড়ে। পরে জিজ্ঞাসাবাদে জিন্নাত আলী জানান, ৫০০ টাকা দিয়ে ভূমি অফিস থেকে তিনি এটি নিয়েছেন। ৩৮০ নম্বর হোল্ডিংয়ে বিক্রেতা হিসেবে দীঘিনালার হাসেম উদ্দিনের সংযুক্ত ছবিটিও জাল ধরা পড়ে। ছবি সংযুক্ত করা হয়েছে চট্টগ্রামের বোয়ালখালীর আবদুল মান্নানের। আবদুল মান্নান জানান, মেরুং এলাকায় তাঁর কোনো জমি নেই। তাঁর ছবি কীভাবে ভূমি অফিসে গেল তা তিনি জানেন না। ক্রেতার প্রতিনিধি পরিচয় দেওয়া বেতছড়ির নূর মোহাম্মদ জানান, নামজারি মামলাগুলো তাঁদের এটা সত্য, তবে স্বাক্ষর জাল কারা করেছে সেটা তাঁরা জানেন না। ৩০ নম্বর বড় মেরুং মৌজাপ্রধান (হেডম্যান) কুমুদ বিকাশ রোয়াজা জানান, স্বাক্ষর জালের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে পৃথকভাবে ১০টি অভিযোগ দাখিল করা হয়েছে। মেরুং ইউনিয়নের রসিকনগর গ্রামের বাবুল চন্দ্র নাথকে একটি জাল দলিলে বানানো হয়েছে মো. সোলেমান খাঁ। আরেকটি দলিলে বেতছড়ি গ্রামের শহিদুলকে বানানো হয়েছে নূরুল ইসলাম। বাবুল চন্দ্র নাথ জানান, জমি বিক্রি ও এফিডেভিট সম্পর্কে তিনি কিছু জানেন না। কীভাবে তাঁর ছবি সংগ্রহ করা হয়েছে তাও তিনি জানেন না।রসিকনগর গ্রামের বাসিন্দা আজাহার আলী রাজা জানান, হিন্দুকে মুসলিম ও বিভিন্ন ব্যক্তিকে ভুয়া নামের পরিচয় দিয়ে জমি এফিডেভিট করার হাজারো প্রমাণ রয়েছে। জমির জাল দলিল চক্রটি প্রভাবশালী। তাই তাদের বিরুদ্ধে মানুষ মুখ খুলতে সাহস করে না। তারা যাঁদের কাছে জমি বিক্রি করে, তাঁরা আরও প্রভাবশালী। একই এলাকার চান মিয়া অভিযোগ করেন, ভূমি জালিয়াত চক্র শুধু ক্ষমতাধর নয়, তাদের সঙ্গে যাঁরা জড়িত, তাঁরা সবাই অবসরপ্রাপ্ত বড় বড় আমলা। ভুয়া বন্দোবস্তির জায়গা তো তাঁরা কিনছেনই, আবার বৈধ বন্দোবস্তির মালিককে হুমকি দিয়ে তাঁর জায়গাটিও কিনে নিচ্ছেন। তিনি নিজেও হুমকির কারণে জমি বিক্রি করতে বাধ্য হয়েছেন। সহকারী কমিশনারের দায়িত্বপ্রাপ্ত ইউএনও মো. মনিরুজ্জামান মিঞা বলেন, ‘ভূমি জালিয়াত চক্র সক্রিয়, এটা সত্য। তবে তিনি যোগদানের পর কঠোর নজরদারির মাধ্যমে চক্রটির প্রতারণা ঠেকাতে অনেকটা সক্ষম হয়েছেন। সাধারণ মানুষ কেন জানি প্রতারণার শিকার হলেও অভিযোগ দিতে চায় না।’