ভুয়া বলে অভিযোগ উঠল ‘চিকিৎসক’ও পালাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী ডায়াবেটিক হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তার (আরএমও) পদে কর্মরত ‘ভুয়া চিকিৎসক’ মো. ফরিদ উদ্দিন ওরফে সুমন অবশেষে পালিয়েছেন। ডায়াবেটিক হাসপাতাল সূত্র জানায়, চলতি বছরের শুরুর দিকে ফরিদ উদ্দিনকে চিকিৎসা কর্মকর্তা (এমও) হিসেবে ফেনী ডায়াবেটিক হাসপাতালে নিয়োগ দেওয়া হয়। কিছু দিন পরই ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা হিসেবে তিনি দায়িত্ব পালন শুরু করেন। একপর্যায়ে তাঁকে পূর্ণ আবাসিক কর্মকর্তা হিসেবে পদোন্নতি দেওয়া হয়। চাকরিতে যোগদানের সময় তিনি দিনাজপুর মেডিকেল কলেজ থেকে পাসের সনদ জমা দেন। যোগদানের পর থেকে তাঁর আচার-আচরণে চিকিৎসা-সংশ্লিষ্ট অনেকের সন্দেহ দেখা দেয়। তাঁরা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান। একপর্যায়ে ফেনীর সিভিল সার্জনের কাছে ফরিদ উদ্দিনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে সিভিল সার্জন ফেনী ডায়াবেটিক হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ফরিদ উদ্দিনের সনদ ও প্রয়োজনীয় কাগজপত্র তলব করেন। ফেনী ডায়াবেটিক হাসপাতালের সহকারী পরিচালক মো. ইউনুছ জানান, ১২ এপ্রিল ফরিদ উদ্দিনের কাগজপত্র সিভিল সার্জনের কাছে পাঠানো হয়েছে। বর্তমানে সেটি তদন্তাধীন রয়েছে। ফরিদ উদ্দিন ১৮ এপ্রিল অব্যাহতি দিয়ে হাসপাতাল থেকে চলে গেছেন।খোঁজ নিয়ে জানা গেছে, ফরিদ উদ্দিন এর আগে ২০০৭ সালে কুমিল্লার একটি মেডিকেল সেন্টারে চিকিৎসা কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তাঁর আসল কাগজপত্র তলব করা হলে সেখান থেকেও তিনি একইভাবে পালিয়েছিলেন। এ ব্যাপারে তাঁর বিরুদ্ধে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৩৮৯, তারিখ ০৬/০৪/২০০৮) করা হয়। এ বিষয়ে ওই ক্লিনিক কর্তৃপক্ষ তাঁর ছবিসহ ‘সন্ধান দিন’ শিরোনামে জাতীয় দৈনিকে একটি বিজ্ঞাপন প্রকাশ করে। এ ব্যাপারে কথা বলার জন্য ফরিদ উদ্দিনের মুঠোফোনে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।ফেনীর সিভিল সার্জন জাহাঙ্গীর হোসেন জানান, ফেনী ডায়াবেটিক হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর (ফরিদ উদ্দিন) সনদপত্রের একটি ফটোকপি দিয়েছে। সে অনুযায়ী বিএমডিসি, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও দিনাজপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছেন তিনি। এখন ফেনী ডায়াবেটিক হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তাঁর নিয়োগসহ সব তথ্য-উপাত্ত চাওয়া হয়েছে। সেগুলো পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে তদন্ত চলাকালে তাঁকে অব্যাহতি দেওয়া ঠিক হয়নি বলে মন্তব্য করেন তিনি।