ভুয়া বিদ্যুৎ বিলের মামলা দিয়ে হয়রানির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ বিলের মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ এনে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে এক ব্যক্তি সংবাদ সম্মেলন করেছেন। নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের আখড়া রোডে মোহনগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে গতকাল শনিবার মনিরুজ্জামান খান নামের এক ব্যক্তি সংবাদ সম্মেলনটি করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মনিরুজ্জামান বলেন, মোহনগঞ্জ উপজেলার আখড়া রোডের মিতালী সিনেমা হলের মালিক ছিলেন তাঁর চাচা আবদুল আজিজ খান ওরফে যদু মিয়া। তাঁর নামে বাণিজ্যিক ৯৯৮/৩৮২০ নম্বরের একটি মিটার ছিল। প্রায় এক যুগ আগে তিনি মারা যান। চাচার মৃত্যুর পর তাঁর পরিবারের সদস্যরা মিটারের নাম পরিবর্তন না করে ওই নামেই বিদ্যুৎ বিল পরিশোধ করে আসছিলেন।

১০ থেকে ১১ বছর ধরে মিতালী সিনেমা হলটি বন্ধ। ওই মিটারটির প্রকৃত মালিক আবদুল আজিজ খানের পরিবারের সদস্যরা। ওই সিনেমা হলের বিদ্যুৎ সংযোগের সঙ্গে ভাতিজা মনিরুজ্জামানের পরিবারের কোনো সম্পর্ক নেই।

মনিরুজ্জামান আরও জানান, তাঁর বাবা আবদুল গফুর খান ও চাচা ফৌজদার খানের নামে দুটি মিটার থাকলেও কোনো বিদ্যুৎ বিল বকেয়া নেই। কিন্তু নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ তাঁর, চাচা ফৌজদার খানের ছেলেসহ মোট ১২ জনের বিরুদ্ধে ২ লাখ ২ হাজার ৩৩ টাকা বকেয়া দেখিয়ে ২০১৬ সালে বকেয়া বিল পরিশোধের নোটিশ দেয়।

বেআইনিভাবে করা এ বিল থেকে মুক্তি পেতে তাঁরা গত বছরের ২৫ ফেব্রুয়ারি সমিতির মহাব্যবস্থাপকের কাছে লিখিতভাবে আবেদন করেন। তবে কোনো লাভ হয়নি। পরে এ নিয়ে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ গত বছরের ১ ডিসেম্বর ১২ চাচাতো ভাইকে আসামি করে ময়মনসিংহের জে৵ষ্ঠ বিচারিক হাকিমের আদালতে মামলাও করে। এভাবে বাবা ও চাচার নামে বিদ্যুৎ বিল বকেয়া না থাকলেও বিদ্যুৎ বিলের মিথ্যা মামলা দিয়ে তাঁদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন মনিরুজ্জামান।

এদিকে নেত্রকোনার পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) মজিবুর রহমান ছুটিতে থাকায় তাঁর সঙ্গে এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি। তবে পল্লী বিদ্যুৎ সমিতির মোহনগঞ্জ জোনাল কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আক্তারুজ্জামান লস্কর বলেন, ‘ভুয়া বিদ্যুৎ বিলের মাধ্যমে মিথ্যা মামলার অভিযোগটি ভিত্তিহীন ও বানোয়াট।

ডিজিএম আক্তারুজ্জামান আরও বলেন, আবদুল আজিজ খানসহ তাঁরা তিন ভাইই মিতালী সিনেমা হলের ব্যবসায়িক অংশীদার ছিলেন বলে আমাদের কাছে কাগজপত্র রয়েছে। এর মধ্যে আবদুল আজিজ খানের পরিবারের সদস্যরা আদালতে হাজির হয়ে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করেছেন। তাঁর অপর দুই ভাইয়ের পরিবারের সদস্যরা বিদ্যুৎ বিল পরিশোধ না করায় এই মামলা হয়েছে।’