ভুয়া বয়স দেখিয়ে বিদ্যালয়ে দপ্তরি নিয়োগ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার উত্তর জামশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি পদে মিজানুর রহমান নামের এক ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে। তবে তিনি প্রকৃত বয়স গোপন করে মিথ্যা তথ্য দিয়ে চাকরির জন্য আবেদন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন চাকরিবঞ্চিত প্রার্থী হামিদুর রহমান। সিঙ্গাইর থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন তিনি।

নিয়োগ বিজ্ঞপ্তির শর্তমতে, বিদ্যালয়টির দপ্তরি কাম প্রহরী পদে নিয়োগের জন্য বয়সসীমা ৩০ বছর নির্ধারণ করা হয়। কিন্তু জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নিয়োগপ্রাপ্ত মিজানুরের বয়স ৩৪ বছর নয় মাসেরও বেশি (জন্ম: ০৪.০৪.১৯৭৯)।

হামিদুর বলেন, শুধু চাকরিতে নিয়োগের জন্য মিজানুর জাতীয় পরিচয়পত্রে বয়স ভুল হয়েছে উল্লেখ করে নিয়োগ পরীক্ষার পর আদালতের মাধ্যমে হলফনামা (অ্যাফিডেভিট) করান।

হামিদুরের অভিযোগ, নিয়োগ কমিটির সদস্যরা উৎকোচ নিয়ে অযোগ্য প্রার্থীকে নিয়োগ দিয়েছেন।

মিজানুরের কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য না করে তাঁর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করার কথা জানান। উত্তর জামশা সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও নিয়োগ কমিটির প্রধান চান মিয়া বলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে পাঠানো তালিকা অনুযায়ী মিজানুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। উৎকোচ নেওয়ার অভিযোগ ঠিক নয়।

সিঙ্গাইর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাবশিরা ইসলাম বলেন, বয়স নির্ধারণ নিয়ে জটিলতার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।