অবৈধভাবে লোক পাঠানো কিংবা ভুয়া ভিসা তৈরির সঙ্গে ঢাকার লিবিয়া দূতাবাসের কোনো কর্মকর্তা জড়িত নন বলে দাবি করেছেন বাংলাদেশে নিযুক্ত লিবিয়ার চার্জ দি অ্যাফেয়ার্স কামেল মোহাম্মদ আল মাহজুব। গতকাল বুধবার দুপুরে গুলশানের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে কামেল মোহাম্মদ এ দাবি করেন। তিনি বলেন, দূতাবাস কোনোরকম ভুয়া ভিসা দেয় না। এর আগেও দেয়নি, কখনো দেবেও না। কিন্তু একটি চক্র ভুয়া ভিসা দিচ্ছে। এর সঙ্গে বাংলাদেশের কিছু জনশক্তি রপ্তানিকারক ও গাদ্দাফি-সমর্থক জড়িত।সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ লিবীয় নাগরিক আমারা মাহমুদ আমারা (২৩), মাবরুক ফারাগ ছালিম (৪৪) ও সামির আহমেদ ওমর ফারগকে (৩৬) গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে ৬৮৪টি বাংলাদেশি পাসপোর্ট, এক লাখ ৮১ হাজার মার্কিন ডলার, ১০ লাখ ৬৬ হাজার বাংলাদেশি টাকা, লিবিয়ার মুদ্রা দিনার, কাতারের রিয়ালসহ এক কোটি ৬০ লাখ টাকা মূল্যমানের মালামাল জব্দ করা হয়। পুলিশ সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমে খবর বের হয়েছে, আটক ব্যক্তিরা হেফাজতে জিজ্ঞাসাবাদে ঢাকার লিবীয় দূতাবাসের কর্মকর্তাসহ ৩৫ জনের নাম বলেছেন, যাঁরা ভিসা প্রতারণার সঙ্গে জড়িত। এই অভিযোগ অস্বীকার করে কামেল মোহাম্মদ আল মাহজুব বলেন, ‘ওই তিনজনেই আসলে ব্যবসায়ী। কিন্তু তাঁরা বাংলাদেশের প্রচলিত আইন বুঝতে পারেননি। আর সে কারণেই তাঁরা ভুল করেছেন।’ তবে তাঁদের কাছে এতগুলো বাংলাদেশি পাসপোর্ট কীভাবে এল, সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান কামেল। গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তিদের গত ৪ জুলাই চার্জ দি অ্যাফেয়ার্সের সংবাদ সম্মেলনে দেখা গেছে—এমন অভিযোগের জবাবে কামেল মোহাম্মদ বলেন, ‘আমার মনে নেই, তাঁরা ছিলেন কি না। তবে তাঁদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’ চার্জ দি অ্যাফেয়ার্স বলেন, ‘লিবিয়ার অবস্থা এখন অনেক ভালো। তাই বাংলাদেশের ব্যবসায়ী ও সরকারি প্রতিনিধিদলকে আমি লিবিয়া পরিদর্শন করে আসার অনুরোধ করছি। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় লিবিয়া সফরের ব্যাপারে কোনো ইতিবাচক সাড়া দেয়নি।’লিবিয়ার দূতাবাসে সাত হাজার বাংলাদেশির ভিসা পড়ে থাকা প্রসঙ্গে জানতে চাইলে কামেল বলেন, ‘কত ভিসা পড়ে আছে আমার জানা নেই। তবে আমরা নতুন ভিসা প্রদান করছি।’ কামেল মোহাম্মদ আল মাহজুব দীর্ঘদিন ধরে ঢাকায় লিবিয়ার দূতাবাসে আছেন। গাদ্দাফির সময়েই তিনি নিয়োগ পেয়েছেন। তবে লিবিয়ায় গাদ্দাফির পতনের পর ঢাকায় নিযুক্ত লিবিয়ার রাষ্ট্রদূত চলে গেলেও তিনি ঢাকায় ছিলেন এবং চার্জ দি অ্যাফেয়ার্সের দায়িত্ব নেন।