ভুয়া ভূমিহীনেরা পেলেন খাসজমি!
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় চরের খাসজমি ভূমিহীনদের না দিয়ে পার্শ্ববর্তী জেলার বাসিন্দাদের মধ্যে বন্দোবস্ত দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। যেসব কর্মকর্তা নিয়মনীতি লঙ্ঘন করে ভুয়া ভূমিহীনদের জমি বন্দোবস্ত দিয়েছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। লিখিত আবেদনে স্থানীয় সাংসদ তানভীর শাকিল খাসজমির বরাদ্দ বাতিলের সুপারিশ করেছেন। জেলা প্রশাসকের কাছে দেওয়া লিখিত অভিযোগ থেকে এসব তথ্য জানা গেছে।লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্র জানায়, গত বছরের জুনে উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় থেকে মনসুরনগর ও চরগিরিশ ইউনিয়নের প্রত্যন্ত চরাঞ্চলের মাজনাবাড়ী, শালদহ ও চর শালগ্রাম মৌজার প্রায় ৭৫ একর কৃষি খাসজমি ৯৪ জনের নামে বন্দোবস্ত দেওয়া হয়। এই বন্দোবস্ত দেওয়ার সময় নিয়মনীতির তোয়াক্কা করা হয়নি। এলাকার স্থায়ী বাসিন্দা ও প্রকৃত ভূমিহীনদের নামে ওই জমি বন্দোবস্ত দেওয়ার নিয়ম থাকলেও এ নিয়ম অমান্য করা হয়েছে। ভুয়া ঠিকানা ব্যবহার করে এবং জমির মালিকদের ভূমিহীন দেখিয়ে ওই জমি বন্দোবস্ত দেওয়া হয়েছে। জামালপুর ও টাঙ্গাইল জেলার বাসিন্দাদের টাকার বিনিময়ে জমিগুলো বন্দোবস্ত দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।গত বছরের ২৮ জুন মনসুরনগর ইউনিয়নের বাসিন্দাদের পক্ষে মো. আবদুর রাজ্জাক স্বাক্ষরিত অভিযোগ থেকে আরও জানা যায়, বন্দোবস্ত পাওয়া মো. রবিউলের বাড়ি মাজনাবাড়ী, কাজীপুর দেখানো হয়েছে। আসলে তাঁর বাড়ি জামালপুরে। তাঁর জাতীয় পরিচয়পত্রের নম্বর ৩৯১৪২৬৯৭৭৬০৮ থেকে এ তথ্য জানা গেছে। মো. আমজাদ আলীর ঠিকানা চর শালগ্রাম, কাজীপুর দেখানো হলেও তাঁর বাড়ি জামালপুরের সরিষাবাড়ীতে (জাতীয় পরিচয়পত্র নং—৩৯১৪২৬৯৭৬৭৪৪)। একইভাবে মো. তালেব আলী, মো. বজলু মিয়া, মো. শফিকুল ইসলাম, মো. তবী তরফদার, মো. হারুন রশিদ, মো. চান মণ্ডল, মো. আবদুর রউফ, মো. মুসলিমের নাম উল্লেখ করা হয়েছে। তাঁরা সবাই পার্শ্ববর্তী জামালপুরের বিভিন্ন এলাকার বাসিন্দা। লিখিত অভিযোগে প্রত্যেকের ভোটার নম্বর ও জাতীয় পরিচয়পত্রের নম্বরসহ স্থায়ী ঠিকানা উল্লেখ করা হয়েছে। মনসুরনগর ইউনিয়নের চেয়ারম্যান (ইউপি) এম কামরুল ইসলাম গোলজার জানান, ৯৪ জনের মধ্যে প্রকৃতপক্ষে দুজন খাসজমি বন্দোবস্ত পেতে পারেন। বাকিরা পাওয়ার কোনো প্রশ্নই উঠে না। খাসজমি বন্দোবস্ত পেতে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের কাছ থেকে প্রত্যয়নপত্র নেওয়া বাধ্যতামূলক। কিন্তু কর্মকর্তারা ইউপির ছাপানো সনদপত্রের নিচে হাতে ‘ভূমিহীন’ কথাটি লিখে নেন, যা সম্পূর্ণ নিয়মবহির্ভূত। এ বিষয়ে তিনি তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছিলেন। কিন্তু কোনো লাভ হয়নি।মনসুরনগর ও চরগিরিশ ইউনিয়ন ভূমি কার্যালয়ের দায়িত্বে নিয়োজিত তহসিলদার মো. আবদুস সালাম বলেন, ‘কর্মকর্তা স্বাক্ষর দিতে বলায় আমি স্বাক্ষর করেছি। প্রকৃত ভূমিহীন কি না, তা খতিয়ে দেখার সুযোগ হয়নি।’কাজীপুর উপজেলার তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) বর্তমানে সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্বে নিয়োজিত মো. শওকত আলী জানান, ইউএনও যাঁদের নামের পাশে টিক চিহ্ন দেন, তাঁদেরই বন্দোবস্ত দেওয়া হয়। তবে তাঁরা সবাই ভূমিহীন বলে দাবি করেন তিনি। তিনি উল্টো অভিযোগ করেন, ইউপি চেয়ারম্যানকে কয়েকবার ভূমিহীনদের বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু তিনি কোনো প্রতিবেদন দেননি।কাজীপুরের ইউএনও মো. সাইফুল ইসলাম জানান, নিয়মমাফিক সভা করে খাসজমি বন্দোবস্ত দেওয়া হয়েছে। যদি কোনো জমির মালিক বা কেউ ভুয়া ঠিকানা দেখিয়ে বন্দোবস্ত পেয়ে থাকেন, তা বাতিল করা হবে। এখানে কোনো অনিয়ম হয়নি বলে দাবি করেন ইউএনও।সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম জানান, এ ধরনের একটি অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে যদি ভুয়া ভূমিহীন প্রমাণিত হয় তাহলে অবশ্যই তাঁদের বরাদ্দ বাতিল করা হবে।