ভুয়া মামলা করায় স্বামী-স্ত্রী কারাগারে
শ্লীলতাহানির অভিযোগে ভুয়া মামলা করার অভিযোগে স্বামী-স্ত্রীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তাঁরা হলেন চট্টগ্রাম নগরের বায়েজীদ বোস্তামী এলাকার সুমি আক্তার ও মো. ইব্রাহীম। গতকাল রোববার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মো. সেলিম মিয়া এ আদেশ দেন।
ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি এম এ নাসের চৌধুরী প্রথম আলোকে বলেন, সুমি আক্তার বাদী হয়ে গত ৫ মে ব্রাক্ষণবাড়িয়ার নবীনগর থানার মো. মফিজ, মো. শফিক ও মো. এরশাদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে ট্রাইব্যুনালে মামলা করেন। এ মামলায় ১ অক্টোবর আসামিদের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ১৫ নভেম্বর পুলিশ ব্রাক্ষণবাড়িয়া থেকে মফিজ ও এরশাদকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। গতকাল আসামিদের জামিন আবেদনের শুনানির দিন ধার্য ছিল। শুনানিতে অংশ নিয়ে আসামিরা জামিনে গেলে বাদীর কোনো আপত্তি নেই বলে আদালতকে জানান। এ সময় আদালত বাদীর কাছে জানতে চান, বাদী জামিনে গেলে আপত্তি নেই কেন? একপর্যায়ে আসামিদের ফাঁসানোর জন্য মিথ্যা মামলা করার কথা স্বীকার করেন বাদী সুমি আক্তার। পরে আদালত সুমি ও তাঁর স্বামী ইব্রহীমকে আটকের নির্দেশ দেন।
সরকারি কৌঁসুলি আরও বলেন, সুমি আক্তারের স্বামীর গ্রামের বাড়িও ব্রাক্ষণবাড়িয়ার নবীনগরে। আসামিদের সঙ্গে তাঁদের পূর্বশত্রুতা রয়েছে।
আসামিদের আইনজীবী আবদুস সাত্তার বলেন, আসামিরা পেশায় কৃষক ও দিনমজুর। তাঁরা কখনো চট্টগ্রামেও আসেননি। তাঁদের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা করে পরে বাদীই স্বীকার করেছেন মামলাটি মিথ্যা।