ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ভুয়া মুক্তিযোদ্ধার সনদ দিয়ে ভাতা উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার প্রকাশিত এক তদন্ত প্রতিবেদনে প্রাথমিকভাবে ২৯ জনকে শনাক্ত করেছে তদন্ত দল। বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল থেকে কয়েকজনকে ভাতা দিতে সমাজসেবা কার্যালয়ে সুপারিশ পাঠায়। এর পরিপ্রেক্ষিতে উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহেদ হোসেন। গত ২৮ জুলাই এ কমিটি কাজ শুরু করে। কমিটি গত বুধবার তদন্ত প্রতিবেদন দেয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভাতা পাওয়া ২৯ জনের কারও মুক্তিবার্তায় নাম নেই। আবার কেউ কেউ নিজের পরিচয় গোপন করে এ ভাতা উত্তোলন করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহেদ হোসেন প্রথম আলোকে বলেন, ২৯ জনের মধ্যে আটজনের সনদ ভুয়া বলে প্রমাণ পাওয়া গেছে। তাঁদের সনদ বাতিল করা হবে। বাকিদের কাছে কৈফিয়ত তলব করে ব্যবস্থা নেওয়া হবে। যাঁদের সনদ বাতিল করা হবে তাঁরা হলেন ফরদাবাদের জজ মিয়ার ছেলে আবুল কাশেম, মৃত জালু মিয়ার ছেলে ইদ্রিছ মিয়া, আবদুস সোবহানের ছেলে ফরিদ মিয়া, মঙ্গল মিয়ার ছেলে আবদুল মোতালিব, আবদুল মান্নান, পূর্বহাটির ওসমান বেগের ছেলে সাহাব উদ্দিন বেগ, ভিটিঝগড়ারচরের মৃত গোলাম রব্বানীর ছেলে তফাজ্জল হোসেন ও হোসেনপুরের মৃত হালিম মিয়ার স্ত্রী সাহিদা বেগম।এ ব্যাপারে সমাজসেবা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম মুঠোফোনে বদলি হওয়ার কথা স্বীকার করে বলেন, ‘স্ট্যান্ডরিলিজ কথাটি ঠিক নয়, আমি এমনিতেই অনেক দিন যাবৎ বদলি হতে চেয়েছি। তবে এসব অনিয়মের সঙ্গে আমি জড়িত নই।’