ভুয়া ম্যাজিস্ট্রেটসহ নয়জন আটক
যশোরের শার্শা উপজেলার গোগা ও বসতপুর গ্রামে র্যাব ও ম্যাজিস্ট্রেটের ভুয়া পরিচয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে জরিমানার টাকা আদায়ের সময় স্থানীয় বাসিন্দারা নয় ব্যক্তিকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন। গতকাল বুধবার আদালতের মাধ্যমে তাঁদের যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে শার্শা থানায় একটি মামলা করা হয়েছে। প্রতারণার শিকার গোগা গ্রামের ব্যবসায়ী মোস্তফা কামাল বাদী হয়ে ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। মামলার এজাহারভুক্ত নয়জন পুলিশের হেফাজতে আছেন। তাঁরা হলেন জয়নাল আবেদীন, রফিকুল ইসলাম, সোহেল হোসেন, শফিকুল ইসলাম, ফিরোজ কিবরিয়া, মতিয়ার রহমান, শেখ শাহাবুদ্দিন, হায়দার আলী ও আবদুল হামিদ।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় সাদা পোশাকের ১০ ব্যক্তি র্যাব এবং ম্যজিস্ট্রেট পরিচয় দিয়ে বসতপুর ও গোগা এলাকায় ব্যবসায়ীদের কাছ থেকে জরিমানার টাকা আদায় করছিলেন। স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাঁরা বিষয়টি পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নয়জনকে আটক করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ কবির হোসেন বলেন, আটক ব্যক্তিরা র্যাব ও ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে জরিমানার টাকা আদায় করছিলেন।