ভুয়া রসিদে অর্থ আত্মসাৎ

নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পে জাল করা হয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সই। অস্তিত্বহীন প্রতিষ্ঠান থেকে কেনা হয়েছে পণ্য।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) নিরাপদ খাদ্য উৎপাদনের এক প্রকল্পে ব্যাগ, কাগজ, কলম ও মনিহারিসামগ্রী কেনা হয়েছে ঢাকার কাজীপাড়ার মেসার্স তাসনিম এন্টারপ্রাইজ থেকে। অন্তত রসিদ তা-ই বলছে। তবে রসিদে দেওয়া ঠিকানায় গিয়ে প্রতিষ্ঠানটির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।

তাসনিম এন্টারপ্রাইজের ঠিকানায় গিয়ে একটি আবাসিক ভবন পাওয়া যায়। সেখানকার বাসিন্দারা বলছেন, এই নামে কোনো প্রতিষ্ঠান সেখানে কখনোই ছিল না। প্রতিষ্ঠানটির রসিদে দেওয়া দুটি মুঠোফোন নম্বরে ফোন করে বন্ধ পাওয়া যায়। অভিযোগ উঠেছে, ডিএইর এই প্রকল্পে অস্তিত্বহীন প্রতিষ্ঠানের ভুয়া রসিদ দেখিয়ে অর্থ আত্মসাৎ করা হয়েছে। প্রকল্পে মনিহারিসামগ্রী কেনার ব্যয় ধরা হয়েছিল ৪০ লাখ টাকা। আর প্রথম আলোর কাছে তাসনিম এন্টারপ্রাইজকে ১৬ লাখ ৮০ হাজার টাকা বিল দেওয়ার রসিদ এসেছে।

প্রকল্পটির নাম ‘নিরাপদ উদ্যান তাত্ত্বিক ফসল উৎপাদন ও প্রযুক্তি হস্তান্তর’। ২০১৮ থেকে ২০২২ সাল—চার বছর মেয়াদি এই প্রকল্পে ব্যয় ৩৬ কোটি টাকার বেশি। শুধু মনিহারি পণ্য কেনা নয়, সই জাল করে প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভার নামে সম্মানীর টাকা তুলে আত্মসাৎ ও গাড়ি ব্যবহারে অনিয়মের অভিযোগও উঠেছে এই প্রকল্পের কর্মকর্তাদের বিরুদ্ধে।

প্রকল্পটিতে নয়টি গাড়ির একটি প্রকল্প পরিচালকের স্বজনেরা ব্যবহার করেন। তিনটি কৃষি মন্ত্রণালয়ের তিন অতিরিক্ত সচিবকে ব্যবহার করতে দেওয়া হয়েছে। একটি পরিচালকের পরিচিত ব্যক্তিরা ব্যবহার করেন বলেও অভিযোগ আছে। এ বিষয়ে একটি প্রতিবেদন গত শুক্রবার প্রথম আলোর প্রথম পাতায় প্রকাশিত হয়। পরিচালক দুটি গাড়ি ইতিমধ্যে অধিদপ্তরের পরিবহন পুলে জমা দিয়েছেন।

অনিয়মের অভিযোগের বিষয়ে প্রকল্প পরিচালক মো. সাহিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, দর প্রস্তাব আহ্বান করে সর্বনিম্ন দরদাতার কাছ থেকেই পণ্য কেনা হয়েছে। রসিদও দরদাতা প্রতিষ্ঠান সরবরাহ করেছে।

অবশ্য ডিএইর কর্মকর্তারা বলছেন, এসব অনিয়মের অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠন করা দরকার।

ভুয়া স্বাক্ষরে সম্মানী আত্মসাৎ

ডিএইর এই প্রকল্পে কম্পিউটার, প্রিন্টারসহ নানা ইলেকট্রনিক সরঞ্জাম কেনার রসিদ দেখানো হয়েছে রাজধানীর আগারগাঁওয়ের তাজকো ইন্টারন্যাশনাল নামের প্রতিষ্ঠানের নামে। প্রতিষ্ঠানটির অংশীদার মালিক তসলিম উদ্দিনকে প্রকল্পের কেনাকাটার রসিদ দেখানোর পর তিনি প্রথম আলোকে বলেন, এই প্রকল্পে তাঁদের প্রতিষ্ঠান থেকে কোনো পণ্য বিক্রি করা হয়নি। প্রথম আলোর কাছে তাজকো ইন্টারন্যাশনালকে ১৫ লাখ ৬৪ হাজার টাকা বিল দেওয়ার রসিদ এসেছে।

সই জাল করা হয়েছে ডিএইর মহাপরিচালক মো. আসাদুল্লাহসহ পরিকল্পনা কমিশনের কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তার। প্রকল্পটির পিইসি সভা গত ১০ জুন অনুষ্ঠিত হয় বলে নথিতে দেখানো হয়। তবে সভায় উপস্থিত দেখানো অন্তত তিনজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সম্মানী দেওয়ার নথিতে যে সই দেখানো হয়েছে, তা তাঁদের নয়। এই সভায় সব কর্মকর্তাকে সমান হারে তিন হাজার টাকা করে ভাতা দেওয়ার বিষয়টি দেখানো হয় প্রকল্পের নথিতে। এতে ব্যয় হয় ৯০ হাজার টাকা।

পিইসি সভার সম্মানী নেওয়ার নথি দেখানো হলে পরিকল্পনা কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লি প্রতিষ্ঠান বিভাগের প্রধান মো. মতিউর রহমান প্রথম আলোকে বলেন, স্বাক্ষরটি তাঁর নয়। আর পিইসি সভায় এভাবে সম্মানী নেওয়ার নিয়ম নেই।

একই নথিতে ডিএইর মহাপরিচালক মো. আসাদুল্লাহর যে স্বাক্ষর দেখানো হয়েছে, তা তাঁর অন্য সইয়ের সঙ্গে মেলে না। আসাদুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘আমার স্বাক্ষর জাল করা ও অন্যান্য দুর্নীতির বিষয়টি আমরা খতিয়ে দেখব।’

এই প্রকল্পে মোট ৭২ লাখ টাকার জ্বালানি তেল ও গ্যাসের বিল-ভাউচার দেখানো হয়েছে মেসার্স মোহনা এন্টারপ্রাইজ অ্যান্ড ফিলিং স্টেশনের নামে। ঢাকার গাবতলীর ওই জ্বালানি তেল বিক্রেতা প্রতিষ্ঠানে গিয়ে এ বিষয়ে জানতে চাইলে কেউ আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হননি।

‘দুর্নীতি লাগামছাড়া’

কৃষির এই প্রকল্পের বিষয়ে সাবেক মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এম হাফিজউদ্দিন খান প্রথম আলোকে বলেন, সরকারি প্রকল্পগুলোতে দুর্নীতি লাগামছাড়া হয়ে উঠেছে। এর প্রধান কারণ, দুর্নীতি রোধে সরকারি দপ্তরগুলোর নিজস্ব যে তদারকি ব্যবস্থা রয়েছে, তা দুর্বল হয়ে গেছে। তিনি বলেন, মন্ত্রণালয় ও অধিদপ্তরের কার্যক্রম ও ব্যয় তদারকির জন্য সরকারের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) এবং বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) রয়েছে। তারা ঠিকমতো প্রকল্পগুলো তদারকি তো করছেই না, বরং অনেক ক্ষেত্রে তারা এ ধরনের প্রকল্পভিত্তিক দুর্নীতির সঙ্গেও জড়িয়ে পড়ছে।