ভুয়া লাইসেন্সের জন্য বিআরটিএকে দুষলেন নৌপরিবহনমন্ত্রী
ভুয়া ড্রাইভিং লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিএ) কিছু অসাধু ব্যক্তি জড়িত। তাঁদের বিরুদ্ধে কোনো সরকারই ব্যবস্থা নেয়নি। তাঁদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।গতকাল মঙ্গলবার বিকেলে সায়েদাবাদ বাস টার্মিনালে এক আলোচনা সভায় শাজাহান খান এসব কথা বলেন।‘সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক-যাত্রী-মালিকসহ সব শ্রমিকের সচেতনতা বৃদ্ধি ও ঈদে মানুষের নিরাপদে বাড়ি ফেরার সুব্যবস্থা’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।মন্ত্রী আসার আগে আলোচনা সভায় বেশ কয়েকজন শ্রমিকনেতা সরকারদলীয় সাংসদ তারানা হালিম, নিরাপদ সড়ক আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, প্রথম আলোর সম্পাদক এবং বুদ্ধিজীবীদের বিরুদ্ধে বিষোদ্গার করেন। সড়ক দুর্ঘটনা হলে শুধু চালকদের দায়ী করা হয় বলে তাঁরা অভিযোগ তুলেন এবং এ নিয়ে খবর প্রকাশ করায় গণমাধ্যমেরও সমালোচনা করেন।বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের সমালোচনা করেন। তিনি বলেন, যোগাযোগমন্ত্রী পদ্মা সেতু, চার লেন সড়ক তৈরিসহ বড় বড় প্রকল্প নিয়ে ব্যস্ত রয়েছেন। ভাঙা সড়কগুলো মেরামত করছেন না। অর্থমন্ত্রী নাকি তাঁকে ভাঙা সড়ক সংস্কারের অর্থ বরাদ্দ দেননি।ওসমান আলী দাবি করেন, বিনা পরীক্ষায় চালকদের লাইসেন্স দিতে বলা হয়নি। লিখিত পরীক্ষা না নিয়ে ব্যবহারিক পরীক্ষা নিয়ে লাইসেন্স দেওয়ার কথা বলা হয়েছে। অথচ এ ব্যাপারে প্রথম আলোসহ বেশ কয়েকটি পত্রিকা অপপ্রচার চালাচ্ছে।সায়েদাবাদ আন্তজেলা ও নগর বাস টার্মিনাল শ্রমিক কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন হাওলাদার দাবি করেন, সড়কের বেহাল অবস্থা দুর্ঘটনার প্রধান কারণ। তিনি বলেন, তারানা হালিমসহ কয়েকজন বুদ্ধিজীবী চালকদের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবনের শাস্তি দিয়ে কালো আইন করার চক্রান্ত করছেন। সর্বশক্তি দিয়ে এই চক্রান্ত রুখে দেওয়া হবে।প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহনমন্ত্রী বলেন, দুর্ঘটনার জন্য সড়কের ওপর হাটবাজার, গরু-ছাগলের উপদ্রবসহ বেশ কয়েকটি কারণ রয়েছে। অথচ এ ক্ষেত্রে শুধু চালককে দোষ দেওয়া হয়।আলোচনা সভায় ঢাকা-৫ আসনের সরকারদলীয় সাংসদ হাবিবুর রহমান মোল্লা বলেন, ‘আমাদের দেশের ইলেকট্রনিক মিডিয়ার টক শোতে কয়েকজন বুদ্ধিজীবী চালকদের দায়ী করে থাকেন। ওই সব বুদ্ধিজীবীর কাজই হচ্ছে মানুষের ভুল ধরা।’ তিনি বলেন, দুর্ঘটনার প্রধান কারণ বেহাল সড়ক। সংসদে এ জন্য যোগাযোগমন্ত্রীকে তুলাধোনা করা হয়েছে। এ দায় তাঁর।বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল অদুদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ।