ভুয়া শিক্ষার্থী দেখিয়ে আনন্দ স্কুলগুলো থেকে টাকা লুট!
ঝরে পড়া শিশুদের শিক্ষা নিশ্চিত করতে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় কয়েক বছরের ব্যবধানে ৩০৯টি আনন্দ স্কুল খোলা হয়। এর মধ্যে ১৯৫টি স্কুলে শিক্ষার্থী নেই বললেই চলে। যা-ও আছে তার বেশির ভাগই পার্শ্ববর্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী; ঝরে পড়া নয়। এভাবে ভুয়া শিক্ষার্থী দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্তৃক গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। তদন্ত প্রতিবেদন ও উপজেলা প্রশাসন সূত্র থেকে জানা গেছে, উপজেলার বিভিন্ন গ্রামে আনন্দ স্কুলগুলো প্রতিষ্ঠা করা হয়। বিশ্বব্যাংকের অর্থায়নে রক্স প্রকল্পের আওতায় স্থানীয় উপজেলা প্রশাসন এবং প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে বেসরকারি আটটি সংস্থা স্কুলগুলো পরিচালনার দায়িত্ব পায়। প্রতিটি স্কুলে একজন করে শিক্ষক নিয়োগ করার পর কাগজ-কলমে ৩০ থেকে ৩৫ জন করে প্রাথমিক পর্যায়ের প্রায় ১০ হাজার ছাত্রছাত্রীকে ভর্তি করা হয়। প্রকল্পের নিয়মানুযায়ী প্রতিটি শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ, উপবৃত্তি, পোশাক ভাতাসহ বিভিন্ন ভাতা বাবদ প্রতি মাসে ৫০০ থেকে ৬০০ টাকা দেওয়া হয়। এই ভাতা পাইয়ে দিতে আনন্দ স্কুলগুলোয় ঝরে পড়া ছাত্রছাত্রীদের বদলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভর্তি করা হয়। আবার অনেক ভুয়া শিক্ষার্থীকে নামেমাত্র ভর্তি দেখিয়ে তাদের জন্য বরাদ্দ করা টাকা তুলে নেওয়া হয়। অনেক স্কুল বন্ধ হয়ে গেলেও বেসরকারি সংস্থার লোকজন বিষয়টি না জানিয়ে স্কুল চালু দেখিয়ে টাকা তুলে নিয়েছে বলেও অভিযোগ উঠেছে। সার্বিক বিষয়ে স্থানীয় সাংসদ, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের কাছে অভিযোগ গেলে তিনি বিষয়গুলো জরুরিভিত্তিতে তদন্তের জন্য বেলকুচির ইউএনও জিয়াউল হককে নির্দেশ দেন। ইউএনও উপজেলা রিসোর্স সেন্টারের কর্মকর্তা শফিকুল ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করে দেন। তদন্ত শেষে ওই কর্মকর্তা সম্প্রতি প্রতিবেদন দাখিল করেন।তদন্ত প্রতিবেদন থেকে আরও জানা যায়, উপজেলার ধুকুরিয়া বেড়া গ্রামের এলাহী মিয়ার বাড়িতে অবস্থিত আনন্দ স্কুলের পঞ্চম শ্রেণীতে ৩০ জন ছাত্রছাত্রী ভর্তি দেখানো হয়। প্রকৃত পক্ষে এই স্কুলে একজনও ঝরে পড়া শিক্ষার্থী নেই। আনন্দ স্কুলে ভর্তি হওয়া শিক্ষার্থীরা সবাই পার্শ্ববর্তী ধুকুরিয়া বেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ধুকুরিয়া পূর্বপাড়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। এদিকে নয় মাস বেতন-ভাতা না পেয়ে গত বুধবার আনন্দ স্কুলের শিক্ষকেরা বেলকুচির ইউএনওর কার্যালয়ে আসেন। সেখানে তাঁদের বেতন-ভাতার বিষয়ে কোনো সিদ্ধান্ত না হওয়ায় একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে রক্সের প্রতিনিধি ফরিদা পারভীনকে ঘেরাও করেন। পরে অন্য কর্মকর্তারা এসে তাঁকে উদ্ধার করেন।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, আনন্দ স্কুলগুলো বেসরকারি সংস্থা দ্বারা পরিচালিত হয়। বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠায় শিক্ষকদের বেতন-ভাতাসহ সব ভাতা বন্ধ রেখে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। রক্সের প্রতিনিধি ফরিদা পারভিন, দৌলতপুর গ্রামের শিক্ষক মুকুল মিয়া দাবি করেন, তাঁদের জানা মতে কোনো স্কুলে কোনো ভুয়া শিক্ষার্থী নেই। স্কুলগুলো নিয়মমাফিকই চলছে উল্লেখ করে শিক্ষকদের বেতন-ভাতা পরিশোধের দাবি জানান তাঁরা।তদন্ত কর্মকর্তা উপজেলা রিসোর্স সেন্টারের কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, ইউএনওর নির্দেশে তদন্ত করে প্রতিবেদন দাখিল করা হয়েছে। তদন্তে স্কুলগুলোয় প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থীদের পাওয়া যায়নি। যা-ও ছিল তার বেশির ভাগই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। প্রতিটি স্কুল সব মিলে প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা মাসিক বরাদ্দ পেত। এ টাকা বেসরকারি সংস্থার প্রতিনিধিরা শিক্ষকদের সঙ্গে আঁতাত করে তুলে নিয়েছেন বলে তদন্তে সত্যতা মিলেছে।