ভুয়া শ্রমিক দেখিয়ে অর্থ লুটপাটের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নে অতিদরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচির ১০২ জন শ্রমিকের মধ্যে অন্তত ৩০ জন ভুয়া শ্রমিক দেখিয়ে অর্থ লুটপাট করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বছর অতিদরিদ্র শ্রমিকের কর্মসংস্থানের জন্য কদিমচিলান ইউপির তিনটি ওয়ার্ডের মধ্যে দুটিতে ৩২ জন করে এবং একটিতে ৩৮ জন অতিদরিদ্র শ্রমিকের তালিকা করা হয়। শ্রমিকের ওই তালিকায় অন্তত ৩০ জনের নাম রাখা হয়েছে, যাঁরা ইউপি চেয়ারম্যান, সদস্য, স্থানীয় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাদের মনোনীত।তালিকায় কদিমচিলান ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাজিদুলের ভাই আনিছুর রহমান ও ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেনের নাম রয়েছে। কাজ না করলেও তাঁদের নামে হাজিরা হয়। সপ্তাহ শেষে তাঁদের ব্যাংক হিসাবে প্রতিদিন ১৭৫ টাকা করে জমা হয়। পরে ওই টাকা চেকের মাধ্যমে তোলার পর চলে যায় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের পকেটে।গত রোববার সরেজমিনে দেখা গেছে, ৪০ দিনের এই কর্মসূচির অধীনে ৭২ জন শ্রমিক মাটি কাটার কাজ করছেন। এ সময় কর্মরত শ্রমিকেরা জানান, অনুপস্থিত শ্রমিকেরা কোনো দিনই তাঁদের সঙ্গে কাজ করেননি। আবার অনেককে তাঁরা চেনেন না।নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জানান, কাজ না করেই মজুরি উত্তোলনের বিষয়টি উপজেলা প্রকল্প কর্মকর্তাকে জানালেও কোনো কাজ হয়নি। তাঁরা কোনো দিনই ৭০ জনের বেশি শ্রমিককে কাজ করতে দেখেননি।নাম প্রকাশ না করার শর্তে শ্রমিকের একজন সর্দার জানান, তাঁর অধীনে ৩২ জন শ্রমিকের কাজ করার কথা, কিন্তু ২২-২৩ জন শ্রমিক প্রতিদিন কাজ করেন। অথচ দু-এক দিন ছাড়া প্রতিদিনই ৩২ জনের হাজিরা দেখাতে হয়। যেদিন প্রকল্পের কর্মকর্তা আসেন, সেদিন অনুপস্থিত কারও হাজিরা করা হয় না।প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট ইউপির সদস্য আকরাম হোসেন জানান, মহাজোটের নেতাদের নিজস্ব কিছু লোক আছেন, তাঁরা কাজ করেন না। আবার অফিসের খরচসহ অন্যান্য খরচের জন্য দু-একজন শ্রমিকের হাজিরা দেখানো হয়।প্রকল্পের সভাপতি ইউপির সদস্য মুজিবর রহমান বলেন, ‘আমাদের সময়ে তো কিছুটা কাজ হচ্ছে। আগের দিনে কাজই হতো না।’ইউপির চেয়ারম্যান আবুল কাশেম সরকার জানান, শ্রমিকদের মধ্যে যাঁরা কাজ করেছেন, তাঁরাই শুধু মজুরি পাচ্ছেন। কর্মসূচিটি সরকারি লোকজন তদারক করছেন। এখানে কারচুপির সুযোগ নেই।প্রকল্প তদারকি কর্মকর্তা ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু হানিফ মিয়া জানান, বিষয়টি যখন তাঁর নজরে এসেছে, তখনই অনুপস্থিত শ্রমিকের মজুরি বাদ দিয়ে দেওয়া হয়েছে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশরাফুজ্জামান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে বিভিন্ন সময়ে পরিদর্শনে গিয়ে অনেক শ্রমিককে অনুপস্থিত পেয়েছি। অনুপস্থিত শ্রমিকদের যাতে মজুরি দেওয়া না হয়, সে জন্য প্রকল্প তদারকি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাকে জানানো হয়েছে।’