ভুয়া শ্রমিক দেখিয়ে আত্মসাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নে ভুয়া শ্রমিক দেখিয়ে কর্মসৃজন কর্মসূচি প্রকল্পের বরাদ্দ টাকা আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় ইউপি সদস্য আবদুর রহিম প্রবাসীসহ ভুয়া শ্রমিকদের নাম মাস্টাররোলে তালিকাভুক্ত করে ব্যাংক কর্তৃপক্ষের যোগসাজশে ব্যাংক থেকে টাকা তুলে আত্মসাৎ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী সপ্তাহ খানেক আগে এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিযোগ করে। সরকার গ্রামীণ রাস্তাঘাট মেরামত ও বেকার শ্রমিকদের কর্মসংস্থানের লক্ষ্যে দৈনিক ১৭৫ টাকা মজুরি হারে কর্মসৃজন কর্মসূচি চালু করে।শ্রমিকদের অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানে জানা যায়, হিসাবধারী ব্যক্তি ছাড়া টাকা তোলার নিয়ম না থাকলেও জাল সইয়ের মাধ্যমে তোলা হচ্ছে এসব টাকা। গতকাল বুধবার ছাওলা ইউনিয়নের আদম গ্রামে গেলে অভিযোগকারীদের মধ্যে আবদুস ছালাম জানান, ইউপি সদস্য আবদুর রহিম শ্রমিকদের ভুয়া তালিকা তৈরি করেছেন। তালিকাভুক্ত শ্রমিকেরা কাজ না করলেও তাদের নামে প্রকল্পের টাকা তুলে আত্মসাৎ করা হচ্ছে। অভিযোগে জানা যায়, ইউপি সদস্য আবদুর রহিম ইউনিয়নের আদম গ্রামের খয়বর রহমানের ছেলে মালয়েশিয়া প্রবাসী মোখছেদুল হক, একই গ্রামের ঢাকায় গার্মেন্টসে কর্মরত রফিকুলের স্ত্রী নুরবানু বেগম, তাজতালুক গ্রামের আবদুর রশিদের স্ত্রী চট্টগ্রামে গার্মেন্টসে কর্মরত রুজিনা আক্তার, আদম গ্রামের কান্দুরী বেগমসহ বেশ কিছু ভুয়া শ্রমিকের নাম তালিকাভুক্ত করে নিয়মিত কাজে উপস্থিত দেখিয়ে টাকা তুলে আসছেন। এ ব্যাপারে ইউপি সদস্য আবদুর রহিম বলেন, তালিকাভুক্ত শ্রমিকেরা কাজ না করলেও তাদের বদলে অন্য লোক দিয়ে কাজ করানো হচ্ছে। ওই সব লোকের নামে ব্যাংক থেকে কীভাবে টাকা তোলা হচ্ছে এর কোনো সদুত্তর তিনি দিতে পারেননি। অগ্রণী ব্যাংক, পাওটানার হাট শাখার ব্যবস্থাপক ইব্রাহীম আলী বলেন, ইউপি সদস্যরা কার্ডের ছবি বদল করে অন্য লোক দিয়ে টাকা তোলায় তাঁদের তেমন কিছু করার নেই। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের মাঠকর্মী ও সংশ্লিষ্ট তদারককারী কর্মকর্তা শামছ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ইউপি সদস্যকে ভুয়া শ্রমিকদের নাম মাস্টাররোল থেকে বাদ দেওয়ার জন্য বলা হয়েছে।ছাওলা ইউপি চেয়ারম্যান নজির হোসেন বলেন, ওই ইউপি সদস্যকে ভুয়া শ্রমিকদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার জন্য অনেকবার বলা হয়েছে। কিন্তু তিনি তা করেননি।পীরগাছা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম কিবরিয়া বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবময় দেওয়ান বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।