বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে অতিদরিদ্র ব্যক্তিদের জন্য কর্মসংস্থান কর্মসূচির ৩০ জন ভুয়া শ্রমিকের নামে টাকা তোলার অভিযোগ পাওয়া গেছে। সরকারি কর্মকর্তারা গত রোববার তদন্ত করে ওই অভিযোগের সত্যতা পান।অভিযোগের সত্যতা পাওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি গতকাল সোমবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের ওই ৩০ জন শ্রমিকের ১৩ দিনের ৪৭ হাজার ২৫০ টাকা ফেরত দেওয়ার জন্য চিঠি দিয়েছেন।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১১-১২ অর্থবছরের প্রথম পর্যায়ে উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নে অতিদরিদ্র ব্যক্তিদের জন্য কর্মসংস্থান কর্মসূচির কাজে ১৯৫ জন শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছিল। প্রথম পর্যায়ের কাজ শেষে গত ১৬ এপ্রিল থেকে দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হয়। দ্বিতীয় পর্যায়ে কাজের জন্য ৩০ জন শ্রমিক অতিরিক্ত নিয়োগ দেওয়ার নির্দেশনা ছিল। কিন্তু ওই ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যরা নিয়োগ না দিয়ে ৩০ জন শ্রমিকের ভুয়া তালিকা পিআইওর কার্যালয়ে জমা দিয়ে ১৩ দিনের ৪৭ হাজার ২৫০ টাকা তুলেছেন।এ বিষয়ে ভান্ডারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইয়াকুব আলী ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী ১১ মে ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেন। ইউএনও পরে পিআইওকে এ অভিযোগ তদন্তের দায়িত্ব দেন। দায়িত্ব পেয়ে পিআইও আবদুল্লাহেল কাফি ও তাঁর কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা গত রোববার ভান্ডারবাড়ী ইউনিয়নের যে তিনটি স্থানে কর্মসংস্থান কর্মসূচির কাজ চলছে সেখানে যান। এখানে এসে তাঁরা যে ৩০ জন শ্রমিকের তালিকা দিয়ে টাকা তোলা হয়েছে তাঁদের খুঁজে পাননি। সেখান থেকে ফিরে এসে পিআইও তদন্ত প্রতিবেদন ইউএনওর কাছে জমা দেন।কর্মসংস্থান কর্মসূচির পুকুরিয়া প্রকল্পের সভাপতি ও ভান্ডারবাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য হজরত আলী জানান, ‘আমরা ভুয়া শ্রমিকের তালিকা জমা দিয়ে টাকা তুলিনি। আওয়ামী লীগের নেতারা আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে। এ বিষয়ে এখনো কোনো চিঠি পাই নাই।’ ভান্ডারবাড়ী ইউপির চেয়ারম্যান আতিকুল করিম বলেন, ‘প্রকল্পগুলি বাস্তবায়নের জন্য ইউপির সদস্যদের সভাপতি করে কমিটি গঠন করা হয়েছে। তারাই প্রকল্পের কাজ দেখাশোনা করে। আমি এ কাজের সঙ্গে জড়িত নই।’ পিআইও আবদুল্লাহেল কাফি জানান, কর্মসংস্থান কর্মসূচিতে ৩০ জন ভুয়া শ্রমিক দিয়ে ১৩ দিনের কাজ দেখিয়ে টাকা তোলার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ছাড়াও বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত ব্যাংক হিসাব স্থগিত রাখা হয়েছে।