ভুয়া সঞ্চয়পত্র জমা দিয়ে ব্যাংকঋণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুয়া সঞ্চয়পত্র জমা দিয়ে এর বিপরীতে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়েছেন নীরা মাসফু। তাঁর স্বামী তানভীর মাসফু ও বিভিন্ন ব্যাংক কর্মকর্তা এ কাজে সাহায্য করেছেন। অভিযুক্ত ব্যক্তিরা পরস্পরের যোগসাজশে ২০০ কোটি টাকার ভুয়া সঞ্চয়পত্রের বিপরীতে ১৫০ কোটি টাকা ঋণ নিয়ে এই অর্থ আত্মসাৎ করেছেন।আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেডের (এবি ব্যাংক) ধানমন্ডি শাখা ব্যবস্থাপক ফিরোজ আলম বাদী হয়ে এ বিষয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেছিলেন। আর অনিয়মের প্রাথমিক অনুসন্ধান শেষে ধানমন্ডি থানায় একটি এবং রমনা থানায় দুটি পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।পরবর্তী সময়ে তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়েছেন তদন্ত কর্মকর্তা ও উপপরিচালক মো. খায়রুল হুদা। গতকাল মঙ্গলবার ওই তিনটি মানি লন্ডারিং মামলার অভিযোগপত্র কমিশনে জমা দেন তিনি। শুরুতে তিন মামলায় আসামি ছিলেন নীরা মাসফু। অভিযোগপত্রে তাঁর স্বামী তানভীর মাসফুকেও আসামি করার সুপারিশ করা হয়। তিন মামলায় আসামিরা পরস্পরের যোগসাজশে মোট পাঁচ কোটি ৯৮ লাখ ৬৪ হাজার ৮৩১ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করেছেন তদন্ত কর্মকর্তা। অভিযোগপত্রে আরও বলা হয়েছে, নীরা মাসফু এবি ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকে ওই সব জাল সঞ্চয়পত্র জামানত রেখে এর বিপরীতে বিভিন্ন অঙ্কের ঋণ নিয়ে তা আবার বিভিন্ন নামে ব্যাংক হিসাব খুলে জমা রাখেন। ঋণ পরিশোধের উদ্যোগ নিয়ে ওই ব্যাংকগুলো সঞ্চয়পত্র ভাঙাতে গিয়ে দেখে এই দম্পতির জমা দেওয়া সব সঞ্চয়পত্র ভুয়া।দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত বিভাগ সূত্র জানায়, ২০০ কোটি টাকার এই সঞ্চয়পত্রের বিপরীতে ঋণ নেওয়ার ঘটনায় আরও মামলার অভিযোগপত্র দ্রুত জমা দেওয়া হবে। ইতিমধ্যে ওই সব মামলায় এবি ব্যাংকের কর্মকর্তাসহ ২৩ জনকে আসামি করা হয়েছে।