ভুয়া সনদ দেওয়ায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য প্রশাসক মদন জি পালকে জেলহাজতে পাঠিয়েছেন আমতলীর বিচারিক আদালত। আদালতে দায়ের করা একটি মামলায় ভুয়া স্বাস্থ্য সনদ দেওয়ার অপরাধে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার পূর্ব চিলা গ্রামের মাধব চন্দ্র মিস্ত্রির স্ত্রী রীতা রানী ৩ জুলাই তাঁদের প্রতিবেশী অবনী সাজ্জাল, পরশুরাম সাজ্জালসহ পাঁচজনকে আসামি করে আদালতে মামলা করেন। মামলার সঙ্গে মদন জি পালের প্রদান করা চিকিৎসাসংক্রান্ত সনদ আদালতে পেশ করা হয়। বিচারক এইচ এম কবির হোসেন মামলাটি আমলে নিয়ে বাদীর শারীরিক জখম বিষয়ে ব্যাখ্যা চেয়ে গতকাল মঙ্গলবার মদন জি পাল ও বাদী রীতা রানীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। মঙ্গলবার আদালতে হাজির হলে বাদী রীতা রানীর শরীরের চিকিৎসা সনদে উল্লেখ করা জখম বা চিহ্ন না থাকায় এবং এ ব্যাপারে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় আদালত মদন জি পালকে হাতকড়া পরিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।