ভুয়া সনদে কলেজের প্রভাষক!
ভুয়া সনদ জমা দিয়ে রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজে প্রভাষক পদে দুজন চাকরি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই দুই শিক্ষক হলেন: পদার্থবিজ্ঞান বিভাগের মো. মাসুদুর রহমান ও হিসাববিজ্ঞান বিভাগের মো. শামাউন ইসলাম।কলেজ সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে তাঁদের নিয়োগ দেওয়া হয়। ৭ সেপ্টেম্বর তাঁরা কলেজে যোগ দেন। অভিযোগ উঠেছে, রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ অর্থের বিনিময়ে লোক দেখানো পরীক্ষা নিয়ে ওই দুজনকে প্রভাষক পদে নিয়োগ দিয়েছে। শিক্ষক মাসুদুর রহমান ও শামাউন ইসলামের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে আনোয়ার আলী নামের এক অভিভাবক গত ১৭ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেন। জানা গেছে, চাকরিতে যোগ দেওয়ার সময় মো. মাসুদুর রহমানের জমা দেওয়া সনদ অনুযায়ী, তিনি ২০০৫ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রাজশাহী কলেজের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক (সম্মান) পাস করেন। তাঁর শিক্ষাবর্ষ ২০০০-০১, রোল নম্বর ২৬৬২৮৯ এবং নিবন্ধন নম্বর ৬৭৮৮৪৯। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢুকে ওই পরীক্ষার সাল ও রোল নম্বর দিয়ে কোনো ফলাফল পাওয়া যায়নি। সেখানে বলা হয়, এই রোল নম্বরটি নেই। জমা দেওয়া সনদ অনুযায়ী, মাসুদুর রহমান একই কলেজ থেকে স্নাতকোত্তর পাস করেন ২০০৬ সালে। তাঁর রোল নম্বর ৬৬৩১২৫ ও নিবন্ধন নম্বর ৭৮৮৬০০। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০০৬ সালের স্নাতকোত্তর পরীক্ষার ফলাফল অনুযায়ী, ওই রোল ও নিবন্ধন নম্বর নিয়ে রাজশাহী কলেজের পদার্থবিদ্যা বিভাগ থেকে দ্বিতীয় শ্রেণীতে পাস করেন মো. শাহীন আখতার।হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক শামাউন ইসলামের জমা দেওয়া সনদ অনুযায়ী, তিনি রাজশাহী কলেজ থেকে ২০০৫ সালে স্নাতক পাস করেন। তাঁর শিক্ষাবর্ষ ২০০০-০১, নিবন্ধন নম্বর ৭২১৪৬০ এবং রোল নম্বর ১৭৬৩৩৫। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রাজশাহী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের ফলাফলে শুরুতে ১৭ দিয়ে কোনো রোল নম্বর নেই। সব রোল নম্বর ২৪ দিয়ে শুরু।সনদ অনুযায়ী, শামাউন ইসলাম রাজশাহী কলেজ থেকে দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর পাস করেন ২০০৬ সালে। তাঁর রোল নম্বর ৬৪৮২৪৯ এবং নিবন্ধন নম্বর ৭৮৮৭৭১। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে দেখা যায়, ওই বছর রাজশাহী কলেজের হিসাববিজ্ঞান বিভাগ থেকে এই রোল ও নিবন্ধন নম্বর নিয়ে দ্বিতীয় শ্রেণীতে পাস করেন মো. আবদুল কাফী।যোগাযোগ করা হলে রাজশাহী কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমানও জানান, ওই রোল ও নিবন্ধন নম্বরে ওই সালে বা শিক্ষাবর্ষে এই কলেজ থেকে মাসুদুর রহমান ও শামাউন ইসলাম নামের কোনো শিক্ষার্থী পাস করেননি।ভুয়া সনদের বিষয়ে জানতে চাইলে মাসুদুর রহমান গত বৃহস্পতিবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমার নিয়োগ নিয়ে ষড়যন্ত্র চলছে।’ তবে শামাউন ইসলাম সনদ জালিয়াতির কথা স্বীকার করে শনিবার প্রথম আলোকে জানান, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তিনি পদত্যাগপত্র কলেজে পাঠিয়ে দিয়েছেন। তবে তিনি দাবি করেন, ২০০৭ সালে তিনি রাজশাহী কলেজ থেকে স্নাতক পাস করেছেন। অভিযোগের ব্যাপারে জানতে চাইলে রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জার্জিস কাদির দাবি করেন, বিভাগীয় কমিশনারের উপস্থিতিতে প্রশ্ন করে অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা নিয়ে তিনি শিক্ষক নিয়োগ দিয়েছেন। কাজেই এ ক্ষেত্রে অনিয়ম বা আর্থিক লেনদেনের অভিযোগ ভিত্তিহীন। দুই শিক্ষকের ভুয়া সনদ প্রসঙ্গে অধ্যক্ষ শনিবার প্রথম আলোকে বলেন, ওই দুই শিক্ষককে তিন দিনের মধ্যে মূল সনদ কলেজে উপস্থাপন করতে বলা হবে।