ভুয়া সনদে চাকরি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নে বাড়ি হলেও এক ব্যক্তি তাঁর শ্বশুরবাড়ি বড়হিত ইউনিয়নের স্থায়ী বাসিন্দা উল্লেখ করে নাগরিকত্ব সনদ নিয়েছেন। এ সনদ দেখিয়ে তিনি পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে চাকরিও পেয়েছেন।

ভুয়া সনদ নিয়ে চাকরি পাওয়া ব্যক্তির নাম তৌহিদুল ইসলাম। তিনি ঈশ্বরগঞ্জ ইউনিয়নের কাকনহাটি গ্রামের মৃত আবদুস সাত্তারের ছেলে।

২০১৩ সালের ৯ এপ্রিল একটি জাতীয় দৈনিকে পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আবেদনকারীকে বড়হিত ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তিনজন মৌখিক পরীক্ষার জন্য মনোনীত হন। ওই বছরের ডিসেম্বর মাসে তৌহিদুল ইসলাম পরিদর্শক পদে নিয়োগ পান।

এর আগে লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর গত সেপ্টেম্বর মাসে অপর চাকরিপ্রত্যাশী আবদুল্লাহ আল নোমান অভিযোগ তোলেন, তৌহিদুল বড়হিত ইউনিয়নের স্থায়ী বাসিন্দা নন। তাঁর বাড়ি ঈশ্বরগঞ্জ ইউনিয়নের কাকনহাটি গ্রামে। এ ব্যাপারে আবদুল্লাহ আল নোমান পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ময়মনসিংহ কার্যালয়ের উপপরিচালক বরাবর লিখিত আবেদন করেন।

ঈশ্বরগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিরঞ্জন বন্ধু জানান, ওই আবেদনের পর তদন্তে দেখা গেছে তৌহিদুল ইসলামের নামে বড়হিত গ্রামে পাঁচ শতক জমি রয়েছে। তাই তাঁকে ওই গ্রামের স্থায়ী বাসিন্দা ধরা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক বড়হিত গ্রামের একাধিক বাসিন্দা জানান, তৌহিদুলের শ্বশুর পরিবার পরিকল্পনা অধিদপ্তরে চাকরি করতেন। তিনি আগেই জানতে পেরেছিলেন, বড়হিত ইউনিয়নে পরিদর্শক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হবে। তাই তিনি মেয়ের জামাইয়ের নামে তড়িঘড়ি করে জমি লিখে দেন।

 বড়হিত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হেলাল উদ্দিন মণ্ডল বলেন, ‘আমি তৌহিদুলকে নাগরিকত্ব সনদ দিইনি।’ ঈশ্বরগঞ্জ ইউপি চেয়ারম্যান হারিছ উদ্দিন আহমেদ বলেন, ‘তৌহিদুল জন্মসূত্রে আমার ইউনিয়নের বাসিন্দা। কিন্তু তিন-চার বছর ধরে তিনি শ্বশুরবাড়িতে থাকেন।’

তৌহিদুল বলেন, ‘২০১৩ সালের ৯ এপ্রিল (এদিনই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়) আমার শ্বশুর ৪৬ হাজার টাকায় পাঁচ শতক জমি লিখে দেন। বড়হিত ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হিসেবে চেয়ারম্যানের প্রত্যয়নপত্র আছে। কাজেই আমার নিয়োগ অবৈধ নয়।’