ভুয়া সনদে চাকরি, দুই কনস্টেবল কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধার ভুয়া সনদ দিয়ে চাকরি পাওয়া দুই কনস্টেবলকে গত শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার তাঁদের জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া শাহিদুজ্জামান (২১) পাঁচবিবি উপজেলার মির্জাপুর গ্রামের আবু সালামের ছেলে এবং কবিরুল ইসলাম (২৩) শ্রীমন্তপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে। এ ঘটনায় শাহিদুজ্জামানের বাবা আবু সালামকেও পুলিশ গ্রেপ্তার করেছে।
পুলিশ ও গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের পারিবারিক সূত্রে জানা গেছে, গত বছরের ফেব্রুয়ারিতে জয়পুরহাট জেলা কোটায় পুলিশের কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হয়। সেখানে শাহিদুজ্জামান ও কবিরুল ইসলাম নিজেদের মুক্তিযোদ্ধার সন্তান দাবি করে ভুয়া কাগজপত্র দিয়ে আবেদন করেন এবং নিয়োগ পান। তবে তাঁদের দুজনের বাবারই মুক্তিযোদ্ধার সনদ ভুয়া দাবি করে পাঁচবিবি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মিছির উদ্দিন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়সহ পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় জয়পুরহাট জেলা পুলিশের রিজার্ভ অফিসার (আরও) আনিছুর রহমান ওই দুই কনস্টেবলের বিরুদ্ধে গত ২৭ জুন জয়পুরহাট সদর থানায় মামলা করেন।