ভুয়া সনদে চাকরিতে যোগদানের অভিযোগ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী পদে ভুয়া শিক্ষাসনদ ও জন্মনিবন্ধন সনদ দিয়ে চাকরিতে নিয়োগ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয় থেকে জানা গেছে, উপজেলার মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম প্রহরী নিয়োগের জন্য গত বছরের ২১ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বয়স ১৮ থেকে ৩০ বছর উল্লেখ করা হয়। ছয়জন ওই পদের জন্য আবেদন করেন। ২৪ ডিসেম্বর বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষার মাধ্যমে নজরুল ইসলাম ভুঞাকে মনোনীত করা হয়। ২২ জানুয়ারি তাঁর নিয়োগ অনুমোদন করা হয়। স্থানীয় লোকজন অভিযোগ করেন, নিয়োগ পাওয়া নজরুল ইলাম ভুঞা ভুয়া জন্মনিবন্ধন সনদ ও শিক্ষাসনদ জমা দিয়ে নিয়োগ লাভ করেন। এ নিয়োগ বাতিল করে আবার নিয়োগ দেওয়ার জন্য স্থানীয় আবু তাহের, মো. শাহজালালসহ কয়েকজন দাবি জানান। অনুসন্ধানে জানা যায়, মালাপাড়া ইউনিয়ন পরিষদের জন্মনিবন্ধন তালিকা অনুযায়ী নজরুল ইসলামের জন্ম হয় ১৯৭৬ সালে। তবে ১৯৭৬ সালের পাশে ৮২ লেখা রয়েছে। মালাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব ফরিদ আহামঞ্চদ জানান, নজরুল ইসলাম জন্মতারিখ ১৯৭৬ সাল উল্লেখ করে নিবন্ধন করেন। সম্প্রতি তিনি জন্মতারিখের সাল ১৯৮২ উল্লেখ করে সংশোধন করেন। রামপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজ ২০১০ সালের ২০ মার্চ অষ্টম শ্রেণী পাসের শিক্ষাসনদটি দিয়েছেন বলে সই রয়েছে।প্রধান শিক্ষক আবদুল আজিজ বলেন, ‘২০১০ সালের ২০ মার্চ নজরুল ইসলামের নামে কোনো সনদ এই বিদ্যালয় থেকে দেওয়া হয়নি। ওই বছরের ১ জুন আমি এ বিদ্যালয়ে যোগদান করি, ২০ মার্চ সনদ দেওয়ার প্রশ্নই আসে না।’ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহামঞ্চদ শফিকুল ইসলাম জানান, আবেদনপত্রের সঙ্গে দেওয়া কাগজপত্র সঠিক ছিল। তবে শিক্ষাসনদ ও অন্যান্য কাগজপত্রে ত্রুটি থাকলে তদন্ত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যবস্থা নেবেন। বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, ‘প্রয়োজনীয় কাগজপত্র সঠিক দেখেই নিয়োগ দেওয়া হয়েছে। তবে কাগজপত্রে ত্রুটি থাকলে সেটি আমাদের জানার কথা নয়।’ ইউএনও আজিজুর রহমান বলেন, অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।