ভুয়া সনদে চাকরির মেয়াদ বাড়ানোর অভিযোগ
নওগাঁর সিভিল সার্জন সোলায়মান আল-ফারুক মুক্তিযোদ্ধার ভুয়া সনদ দেখিয়ে চাকরির মেয়াদ বৃদ্ধি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে সিভিল সার্জন বলেছেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। আমি মুক্তিযোদ্ধা, এটাই সত্য।’নওগাঁ-৬ আসনের সাবেক সাংসদ, মুক্তিযোদ্ধা ও কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি ওহিদুর রহমান এবং সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শামসুল আলম মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।অভিযোগে উল্লেখ করা হয়, নওগাঁ জেলা সদরের উকিলপাড়া মহল্লার তারিফ উদ্দীনের ছেলে সোলায়মান আল-ফারুক কখনো মুক্তিযোদ্ধা ছিলেন না। মুক্তিযুদ্ধের আন্দোলন ও সংগ্রামে তাঁর কোনো ভূমিকা নেই। এমনকি সরকারি চাকরিতে যোগদানের সময়ও তিনি নিজেকে ‘মুক্তিযোদ্ধা’ হিসেবে উল্লেখ করেননি। কিন্তু পরবর্তীকালে বিশেষ সুযোগ-সুবিধা আদায়ের লক্ষ্যে কৌশলে মুক্তিযোদ্ধার ভুয়া সনদ সংগ্রহ করেন। ওই সনদ দিয়ে অবৈধ পন্থায় গেজেটে নাম অন্তর্ভুক্ত করে চাকরির মেয়াদ দুই বছর বাড়িয়ে এখন নওগাঁর সিভিল সার্জন হিসেবে কর্মরত আছেন।ওহিদুর রহমান জানান, প্রতারণা ও জালিয়াতির বিষয়টি জানাজানির পর তাঁরা সিভিল সার্জন সোলায়মান আল-ফারুককে চ্যালেঞ্জ করে গত ২ মে ওই অভিযোগ দায়ের করেন। নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হারুন-অর-রশিদ বলেন, ‘সোলায়মান আল-ফারুকের নাম জেলার মুক্তিযোদ্ধাদের তালিকায় নেই। তিনি মুক্তিযোদ্ধা নন।’