ভুয়া সনদ দিয়ে চিকিৎসা করার অপরাধে র্যাবের ভ্রাম্যমাণ আদালত গোলাম কিবরিয়া নামের এক ব্যক্তিকে দুই বছরের কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা করেছেন। জরিমানার টাকা দিতে না পারায় তাঁকে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। র্যাব সূত্র জানায়, গতকাল শনিবার দুপুর ১২টার দিকে র্যাব-৪-এর সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত মিরপুর ১১ নম্বরে আকুমুনন্নেসা চক্ষু হাসপাতালের চেম্বারে অভিযান চালিয়ে গোলাম কিবরিয়াকে গ্রেপ্তার করে। তাঁর চেম্বারের সামনে সাঁটানো ছিল এমবিবিএস ও এমডি ডিগ্রি।র্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম আনোয়ার পাশা বলেন, জিজ্ঞাসাবাদে কিবরিয়া ভ্রাম্যমাণ আদালতের কাছে স্বীকার করেছেন, তিনি ভারত থেকে ১২ হাজার টাকায় এমবিবিএস ও এমডি ডিগ্রির সার্টিফিকেট কিনে এনেছেন। তিনি এইচএসসি পর্যন্ত পড়াশোনা করে যশোরের একটি ওষুধের দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন। সেখানে তিনি রোগীকে ব্যবস্থাপত্র লিখে দিতেন। ভারত থেকে সার্টিফিকেট কিনে আনার পর তিনি রাজধানীতে এমবিবিএস চিকিৎসক পরিচয়ে ব্যবস্থাপত্র লেখা শুরু করেন।পরে ভুয়া সনদ রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালত কিবরিয়াকে ওই দণ্ড দেন। র্যাব জানায়, এর আগে ২০০৮ সালে ভ্রাম্যমাণ আদালত মিরপুর থেকে ভুয়া চিকিৎসক কিবরিয়াকে গ্রেপ্তার করেছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি চিকিৎসা করতে পারেন না। গোলাম কিবরিয়ার বিএমডিসিতে নিবন্ধন নেই।